নিজস্ব প্রতিবেদন :
শিলিগুড়িতে প্রার্থী তালিকা ঘোষণার পরই জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। সদ্য প্রাক্তন বিধায়ক শঙ্করবাবু দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় নেমে পড়েছেন জনসংযোগে।
মঙ্গলবার সকালে পুজো দিয়ে দিনের সূচনা করেন তিনি। এরপর হিলকার্ট রোডের বিভিন্ন প্রান্তে শুরু হয় তার প্রচার কর্মসূচি।

বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলা থেকে শুরু করে বাজার এলাকায় ঘুরে সমর্থন আদায়ের চেষ্টা—সব ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা নিতে দেখা যায় তাকে।বিশেষভাবে নজর কাড়ে শিলিগুড়ির মহাবীর স্থানে ব্যবসায়ীদের হাতে গীতা তুলে দিয়ে প্রচার চালানোর দৃশ্য। এর মাধ্যমে ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করেন বিজেপি প্রার্থী।
এদিকে, শিলিগুড়ির রাজনৈতিক ময়দান ইতিমধ্যেই উত্তপ্ত। বামফ্রন্ট তাদের প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে পুরনিগমের ২৯ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তীকে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হচ্ছেন শহরের মেয়র গৌতম দেব। ফলে এবার মূল লড়াই যে শঙ্কর ঘোষ ও গৌতম দেবের মধ্যে হতে চলেছে, তা স্পষ্ট।
প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই সময় নষ্ট না করে মাঠে নেমে পড়েছেন শঙ্কর ঘোষ। সোমবার দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করার পর, মঙ্গলবার দলীয় পতাকা হাতে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে সরাসরি মানুষের দরজায় পৌঁছে যাচ্ছেন তিনি, চাইছেন সমর্থন ও ভোট।

