একটি কবিতার জন্য!
অশোক পাল ( ফুলবাগান,মুর্শিদাবাদ)
………………………..
একটা দিন শুধু কবিতার জন্য বাঁচতে
চেয়েছি বহু দিন থেকে
কিন্তু আজও তা হয়ে উঠলো না
কেবল কবিতা ছুঁয়ে থেকেছি।
আমার অনাদর কবিতা সহজে
বোঝে শুরু থেকেই

আগলে রেখেছে যন্ত্রণা থেকে
হতাশা যখন গ্রাস করে সারা মন
আর কিছু ভালো লাগে না
নিজের কাছে বোঝা হয়ে উঠি
কোথা থেকে যেন বিদ্যুতের ঝলকানির মতো
কিছু অচেনা শব্দ ছেয়ে যায় মন
খুশিতে কালি কলম মন এক সরল রেখায়
কবিতা বাড়ি পৌঁছে দেয়!
কবিতা যতটুকু সুখ দেয়
অসুখ জুড়ে থাকে জীবন জুড়ে
তবুও কবিতা বাঁচার রসদ প্রাণ ভোমরা
বৃষ্টি যেমন প্রকৃতিকে ধুয়ে নতুন
প্রানের বীজ বুনে দেয়
একটি কবিতা হাজার লক্ষ প্রাণে উদ্দীপনা
ছড়িয়ে দেয়…
শুধু কবিতার জন্য একটা কবিতা লিখতে
চেয়েছি বহুবার
আজও লিখতে পারিনি
আজও অপেক্ষায় একটি কবিতার জন্য!

