শিলিগুড়িতে ইভিএম ও ভিভিপ্যাটের প্রথম পর্যায়ের র‍্যান্ডমাইজেশন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দার্জিলিং জেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং ভিভিপ্যাট -এর প্রথম পর্যায়ের র‍্যান্ডমাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জেলা নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে জারি করা এক প্রেস নোটে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস নোট অনুযায়ী, ১৯ মার্চ ২০২৬, বিকেল ৪টায় শিলিগুড়ির সাব-ডিভিশনাল অফিসারের দপ্তরে এই র‍্যান্ডমাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে FLC বা First Level Checking উত্তীর্ণ ইভিএম ও ভিভিপ্যাটগুলি বিধানসভা কেন্দ্রভিত্তিকভাবে বরাদ্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট কেন্দ্রগুলির মধ্যে রয়েছে ২৩-দার্জিলিং, ২৪-কার্সিয়ং, ২৫-মাটিগাড়া-নকশালবাড়ি (এসসি), ২৬-শিলিগুড়ি এবং ২৭-ফাঁসিদেওয়া (এসটি) বিধানসভা কেন্দ্র।এই র‍্যান্ডামাইজেশন প্রক্রিয়া নির্বাচন কমিশনের নির্ধারিত EVM ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে জাতীয় ও রাজ্যস্তরের স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে বিজেপি, সিপিআই(এম), কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা ছাড়াও ইভিএম সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক উপস্থিত ছিলেন।

প্রথম পর্যায়ের র‍্যান্ডমাইজেশন সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রভিত্তিক ইভিএম ও ভিভিপ্যাটের তালিকা সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের কাছে জেলা সদর দপ্তরে সরবরাহ করা হয়েছে। পরবর্তীতে এই মেশিনগুলি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের কাছে হস্তান্তর করা হবে এবং নির্দিষ্ট স্ট্রং রুমে রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে সংরক্ষণ করা হবে।

এছাড়াও, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা চূড়ান্ত হওয়ার পর প্রথম পর্যায়ে র‍্যান্ডমাইজ করা ইভিএম ও ভিভিপ্যাটের তালিকা সংশ্লিষ্ট প্রার্থীদের কাছেও শেয়ার করা হবে বলে প্রেস নোটে উল্লেখ করা হয়েছে