নিজস্ব প্রতিবেদক :
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গে নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার তাঁর দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় একাধিক জনসভায় উপস্থিত থাকার কথা রয়েছে।

সূচি অনুযায়ী, প্রথমে ময়নাগুড়িতে, এরপর ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় এবং শেষে নকশালবাড়িতে সভা করার পরিকল্পনা রয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনের তরফে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে।
জানা গেছে, ডাবগ্রাম-ফুলবাড়ির জাবরাভিটা হাই স্কুল মাঠ এবং নকশালবাড়ির নন্দপ্রসাদ হাই স্কুল মাঠকে সভাস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট জায়গাগুলিতে নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থাপনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের আধিকারিকরা পরিদর্শন করেছেন।
এই সফরকে ঘিরে শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও নিজ নিজ কর্মসূচি জোরদার করা হচ্ছে বলে জানা গেছে। নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন দলের প্রচারসূচির দিকেই এখন নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

