নিজস্ব প্রতিবেদক : শ্রী মাতাজি নির্মলাদেবীর প্রতিষ্ঠিত সহজযোগ একটি আধ্যাত্মিক ধ্যানপদ্ধতি, যার মূল উদ্দেশ্য মানুষের অন্তর্নিহিত শক্তির জাগরণ এবং মানসিক প্রশান্তি অর্জন। ‘সহজ’ অর্থ স্বাভাবিক এবং ‘যোগ’ অর্থ সংযোগ—অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে মানুষ নিজের আত্মার সঙ্গে এক স্বাভাবিক সংযোগ স্থাপন করতে পারে।

এই দর্শনের কেন্দ্রে রয়েছে কুণ্ডলিনী শক্তির ধারণা, যা মানুষের শরীরে সুপ্ত অবস্থায় থাকে। সহজযোগের মাধ্যমে এই শক্তির জাগরণ ঘটিয়ে বিভিন্ন চক্র অতিক্রম করে আত্ম-উপলব্ধির স্তরে পৌঁছনো যায়। নিয়মিত ধ্যান মানসিক চাপ কমাতে সাহায্য করে, মনকে স্থির রাখে এবং ব্যক্তিত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
উল্লেখযোগ্যভাবে, এই ধ্যানপদ্ধতি সম্পূর্ণ বিনামূল্যে শেখানো হয় এবং এতে কোনো জটিল নিয়ম বা কঠিন সাধনার প্রয়োজন পড়ে না।এই প্রেক্ষাপটে বুধবার শিলিগুড়ি সহজযোগার উদ্যোগে মহকুমার বিধাননগর এলাকার ব্যতিক্রমী আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান মুরালীগঞ্জ হাইস্কুলে এক সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।
সহজযোগার পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবী মিলি সিনহা সহ অন্যান্য সদস্যরা বিদ্যালয় পরিদর্শন করেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।তাঁরা সহজযোগের গুরুত্ব তুলে ধরে জানান, কীভাবে এই ধ্যানপদ্ধতির মাধ্যমে ছাত্রছাত্রীরা মানসিকভাবে সুস্থ থাকতে পারে এবং নিজেদের একাগ্রতা ও মনোযোগ বৃদ্ধি করতে পারে।
আলোচনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি মানসিক ও আধ্যাত্মিক বিকাশের প্রয়োজনীয়তার উপর।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, নিয়মিত ধ্যান বা মেডিটেশন ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়নে অত্যন্ত সহায়ক হতে পারে।
তিনি আরও জানান, ভবিষ্যতে বিদ্যালয়ে নিয়মিতভাবে সহজযোগ বা ধ্যানচর্চা চালু করার বিষয়ে সহজযোগার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে।এই ধরনের উদ্যোগ শিক্ষাঙ্গনে নতুন দিশা দেখাচ্ছে, যেখানে পড়াশোনার পাশাপাশি মানসিক সুস্থতা ও আত্মিক উন্নয়নকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে

