নিজস্ব প্রতিবেদন :
শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভা এলাকায় নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে বুধবার জাবরাভিটা হাই স্কুলের মাঠে একটি বড় জনসমাবেশের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই সভায় স্থানীয় প্রার্থী রঞ্জন শীল শর্মার সমর্থনে দলীয় কর্মী ও সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি ডাবগ্রাম-ফুলবাড়ী এলাকার ভবিষ্যৎ উন্নয়ন প্রসঙ্গেও মত প্রকাশ করেন।
তাঁর বক্তব্যে রাজনৈতিক সমালোচনাও উঠে আসে, যা উপস্থিত জনতার দৃষ্টি আকর্ষণ করে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিলিগুড়ি এলাকার প্রার্থী গৌতম দেব, জলপাইগুড়ির প্রার্থী কৃষ্ণ দাস, এসজেডিএ-র চেয়ারম্যান দিলীপ দুগ্গার সহ অন্যান্য নেতৃত্ব। এছাড়াও শিলিগুড়ি পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা এবং স্থানীয় দলীয় কর্মী-সমর্থকেরা সভায় অংশ নেন।

