অর্থের বাধা পেরিয়ে নতুন পথে পূজা— স্কুলে ভর্তি, পাশে শিক্ষক-শিক্ষিকারা

নিজস্ব প্রতিবেদন :
শিলিগুড়ি তেলিপাড়ার বাসিন্দা হতদরিদ্র ছাত্রী পূজা ঘোষের জীবনে শুক্রবার এক নতুন সূচনা ঘটল। ঘোঘোমালি গার্লস হাইস্কুলে এদিন তার শিক্ষাজীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। স্কুলের টিচার-ইনচার্জ শ্রীপর্ণা মিত্র মজুমদার জানান, পূজার নতুন ক্লাসে ভর্তির সম্পূর্ণ স্কুল ফি মকুব করে দেওয়া হয়েছে। যদিও পরিবারের পক্ষ থেকে আগে আর্থিক অবস্থার বিস্তারিত জানানো হয়নি, তা জানালে আগেই এই ব্যবস্থা নেওয়া হতো বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অর্থাভাবে কোনো ছাত্রীর পড়াশোনা বন্ধ হয়ে যাক, এমনটা তারা কখনোই মেনে নিতে পারেন না। এদিন পূজাকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করা হয়েছে। পাশাপাশি স্কুলের পক্ষ থেকে তাকে ইউনিফর্ম ও পাঠ্যপুস্তকও তুলে দেওয়া হয়েছে। মিড-ডে মিলের সুবিধাও সে পাবে।

টিচার-ইনচার্জের কথায়, পূজা যদি নিয়মিত স্কুলে আসে, তবে ভবিষ্যতে আরও নানা সরকারি সুযোগ-সুবিধা যেমন শিক্ষাশ্রী, কন্যাশ্রী প্রভৃতি প্রকল্পের আওতায় সে উপকৃত হবে। তাই কোনো মেয়ের পড়াশোনা যেন মাঝপথে থেমে না যায়, সে বিষয়ে স্কুল কর্তৃপক্ষ সদা সচেষ্ট।

ঘোঘোমালি গার্লস হাইস্কুলের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারাও। নতুন করে স্কুলে ভর্তি হয়ে পূজাও বেশ আনন্দিত ও উৎসাহী।এদিকে, ফকদইবাড়ির বাসিন্দা প্রতিভাবান ছাত্রী ও শিক্ষিকা সুমিত্রা পোদ্দার জানিয়েছেন, তিনি পূজা এবং তার ছোট ভাইকে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে প্রাইভেট টিউশন দিতে আগ্রহী।

শুক্রবার থেকেই পূজা ও তার ভাই সুমিত্রার কাছে পড়াশোনা শুরু করেছে, যা তাদের শিক্ষার পথে আরও এক বড় সহায়তা হয়ে উঠবে।