আর্থিক বাধা পেরিয়ে সাফল্যের দৌড়—পাটনায় ১০ কিমি ম্যারাথনে প্রথম শিলিগুড়ির সীমা চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদক :
অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম থাকলে সাফল্য যে ধরা দেয়, তারই উজ্জ্বল প্রমাণ শিলিগুড়ির শান্তিনগরের গৃহবধূ সীমা চক্রবর্তী। পাটনায় আয়োজিত ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়ে প্রথম স্থান অধিকার করে তিনি এনে দিলেন গর্বের মুহূর্ত।

গত ১৫ মার্চ বিভিন্ন বিভাগে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই প্রতিযোগিতার ১০ কিলোমিটার বিভাগে অংশ নিয়ে সকল প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেন সীমা।
তবে এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। আর্থিক সীমাবদ্ধতা তাঁর জীবনের বড় বাধা হলেও, তা কখনও তাঁর স্বপ্নকে থামাতে পারেনি।

সংসারের দায়িত্ব সামলাতে তাঁকে মমো বিক্রি করতেও হয়। তবুও খেলাধুলা, বিশেষ করে অ্যাথলেটিক্সের প্রতি তাঁর গভীর ভালোবাসা তাঁকে এগিয়ে নিয়ে চলেছে প্রতিনিয়ত।
সীমার এই সংগ্রামী যাত্রায় বিভিন্ন সময় পাশে দাঁড়িয়েছেন বহু শুভানুধ্যায়ী মানুষ, যারা তাঁকে উৎসাহ ও সহযোগিতা করে চলেছেন।

কঠিন বাস্তবতার মধ্যেও নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হয়ে যে ভাবে তিনি সাফল্য ছিনিয়ে এনেছেন, তা নিঃসন্দেহে অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে থাকবে।