মনোনয়ন জমা দিয়ে প্রচারে জোর বাম প্রার্থীদের, শিলিগুড়িতে আশাবাদী শরদিন্দু চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদন :
শনিবার শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে বামফ্রন্ট প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন শরদিন্দু চক্রবর্তী। একই দিনে মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী ঝরেন রায়ও তাঁর মনোনয়ন দাখিল করেন।

মনোনয়ন জমার পর থেকেই প্রচারে গতি বাড়িয়েছেন শরদিন্দু চক্রবর্তী। বর্তমানে তিনি শিলিগুড়ি পৌরনিগমের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিচ্ছন্ন ভাবমূর্তি ও জনপ্রিয়তার ভিত্তিতেই এবার বামফ্রন্ট তাঁকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে। স্থানীয়দের কাছে তিনি ‘জয়’ নামেই অধিক পরিচিত।

প্রচারের ময়দানে নেমে শরদিন্দুবাবু প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের সময়কালে শহরের উন্নয়নমূলক কাজগুলিকেই তুলে ধরছেন প্রধান ইস্যু হিসেবে। এই বিষয়গুলিকেই হাতিয়ার করে তিনি ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।
মনোনয়ন জমা দেওয়ার পর শরদিন্দু চক্রবর্তী জানান, শহরের মানুষের কাছ থেকে তিনি ইতিবাচক সাড়া ও আশীর্বাদ পাচ্ছেন। সেই বিশ্বাস নিয়েই আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী।