সোশ্যাল মিডিয়ার উদ্যোগে মায়ের সঙ্গে পুনর্মিলন—শিলিগুড়িতে মানবিকতার উজ্জ্বল নজির

নিজস্ব প্রতিবেদক :
এক হৃদয়স্পর্শী ঘটনার সাক্ষী থাকল শিলিগুড়ি। নদীয়া থেকে মেয়ের সঙ্গে কোচবিহার যাওয়ার পথে হারিয়ে যাওয়া এক বৃদ্ধা মায়ের অবশেষে মেয়ের কাছে ফিরে আসার ঘটনা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

জানা যায়, নদীয়ার বাসিন্দা ৭৪ বছরের মিলন দাস তাঁর মেয়ে সোমা মন্ডলের সঙ্গে ট্রেনে করে কোচবিহার যাচ্ছিলেন, যেখানে মেয়ে কর্মসূত্রে থাকেন। যাত্রাপথে নিউ জলপাইগুড়ি এনজেপি এলাকার কাছে মেয়ে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়লে মানসিকভাবে অসুস্থ মিলন দাস হঠাৎ ট্রেন থেকে নেমে যান। ঘুম ভেঙে উঠে মেয়ে মাকে খুঁজতে গিয়ে আর তাঁর সন্ধান পাননি।

এদিকে, দিশেহারা অবস্থায় বৃদ্ধা মহিলা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের আশেপাশে ঘোরাফেরা করতে থাকেন। পরে মাটিগাড়া থানার পুলিশ তাঁকে উদ্ধার করে শিলিগুড়ির ভক্তিনগরের সমাজসেবী পূজা মোক্তার-এর কাছে নিরাপদে রাখার ব্যবস্থা করে।

পরে পূজা মোক্তার ওই মহিলার পরিচয় জানার জন্য সোশ্যাল মিডিয়ায় বিষয়টি তুলে ধরেন। সেই প্রচারের সূত্র ধরেই অবশেষে পয়লা এপ্রিল মিলন দাসের সন্ধান পান তাঁর মেয়ে সোমা মন্ডল। এরপর তিনি শিলিগুড়িতে এসে মাকে নিজের সঙ্গে নিয়ে যান।

এই মহৎ উদ্যোগের জন্য পূজা মোক্তারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সোমা মন্ডল। গোটা ঘটনাটি আবারও প্রমাণ করল, মানবিকতা ও সচেতন উদ্যোগ থাকলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে।