জাল পরিচয়ে ৮ বছর ভারতে বসবাস, শিলিগুড়িতে বাংলাদেশি পরিবার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন :
জাল পাসপোর্ট ও আধার কার্ডের সাহায্যে প্রায় আট বছর ধরে ভারতে বসবাসের পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল এক বাংলাদেশি পরিবার। ফুলবাড়ি সীমান্ত সংলগ্ন এলাকা থেকে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ স্বামী, স্ত্রী ও তাদের নাবালিকা কন্যাকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আজম আলী ও তার স্ত্রী রিমা আক্তার। তাদের সঙ্গে তাদের অপ্রাপ্তবয়স্ক মেয়েকেও আটক করা হয়েছে। জানা যায়, ২০১৬ সালে বাংলাদেশের মঠেরগঞ্জ এলাকা থেকে বৈধ নথি নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিলেন তারা।

তবে পরবর্তীতে ২০১৯ সালে স্বামী-স্ত্রীর ভিসার মেয়াদ এবং ২০২১ সালে মেয়ের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তারা দেশে না ফিরে ভারতে থেকেই যাওয়ার পরিকল্পনা করেন।
গত কয়েক বছর ধরে তারা কর্ণাটকের বেঙ্গালুরুতে বসবাস করছিলেন।

সেখানে নিজেদের প্রকৃত পরিচয় গোপন রেখে অবৈধভাবে জাল আধার কার্ড ও ভারতীয় পাসপোর্ট তৈরি করেন। অভিযোগ, এই জাল নথির ভিত্তিতেই বেঙ্গালুরুর একটি নামী হাসপাতালে কাজও করছিলেন আজম আলী।

গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ফুলবাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালায়। সন্দেহজনক গতিবিধির কারণে ওই পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে, যার ভিত্তিতেই তাদের আটক করা হয়।

অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও ভারতীয় পরিচয়পত্র জালিয়াতির অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার ধৃত তিনজনকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।

এই জালিয়াতি চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং তাদের ভারতে অবস্থানের পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখতে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে ।