অনলাইনে সস্তার ফাঁদ! মেয়াদোত্তীর্ণ পণ্যে প্রতারিত ক্রেতারা, সতর্কবার্তা শিলিগুড়ির ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদন :
অনলাইনে কম দামে পণ্য কেনার লোভে বহু মানুষ দ্রুত অর্ডার করছেন, কিন্তু সেই সুযোগকেই কাজে লাগিয়ে প্রতারণার অভিযোগ উঠছে বিভিন্ন ক্ষেত্রে। জানা যাচ্ছে, বহু অনলাইন বিক্রেতা বড় কোম্পানির কাছ থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সংগ্রহ করে তাতে নতুন করে ভুয়ো এক্সপায়ারি তারিখ বসিয়ে বিক্রি করছেন।

ফলে ক্রেতারা সস্তার আশায় পণ্য কিনলেও গুণগত মানের দিক থেকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
রবিবার শিলিগুড়িতে একাধিক খুচরা ব্যবসায়ী এই অভিযোগ তুলে ধরেন। শিলিগুড়ি হকার্স কর্নার ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রদীপ রায় এবং সহ-সম্পাদক দুলাল পাল জানান, অনলাইন কেনাকাটার ক্ষেত্রে সাধারণ মানুষ প্রায়ই প্রতারিত হচ্ছেন।

তাঁদের বক্তব্য, সরাসরি বাজারে এসে পণ্য দেখেশুনে কেনা হলে এই ধরনের সমস্যার সম্ভাবনা অনেকটাই কমে যায়।
বিশেষ করে বস্ত্র কেনার ক্ষেত্রে অনলাইনে ছবি দেখে অর্ডার করার পর অনেক সময় রং, মাপ বা মান নিয়ে অসন্তোষ দেখা দেয়। এরপর সেই পণ্য বদলানো নিয়েও ক্রেতাদের নানা ভোগান্তির মুখে পড়তে হয়।

অথচ দোকানে গিয়ে সরাসরি পণ্য যাচাই করে কিনলে এই সমস্যাগুলি এড়ানো সম্ভব বলে মত ব্যবসায়ীদের।
প্রদীপবাবু ও দুলালবাবু সহ ব্যবসায়ী মহল সকলকে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

একই সঙ্গে আসন্ন পয়লা বৈশাখ উপলক্ষে শিলিগুড়ি হকার্স কর্নারে নতুন নতুন পোশাকের সম্ভার এসেছে। চৈত্র সেল উপলক্ষে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়ও, যাতে ক্রেতারা সরাসরি এসে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন।