অনলাইনের চাপে ম্লান চৈত্র সেল, কর্মী নিয়োগ বন্ধ শিলিগুড়ি টাউন স্টেশন বাজারে

নিজস্ব প্রতিবেদক :প্রতি বছর চৈত্র সেল ও বাংলা নববর্ষকে ঘিরে শিলিগুড়ি টাউন স্টেশন বাজারে বস্ত্র ব্যবসায়ীদের ব্যস্ততা থাকত চোখে পড়ার মতো। অতিরিক্ত কেনাকাটার ভিড় সামলাতে অস্থায়ী কর্মী নিয়োগ ছিল একপ্রকার নিয়ম। কিন্তু এবছর সেই চেনা ছবি সম্পূর্ণ বদলে গেছে।

ব্যবসায়ীরা জানাচ্ছেন, এবার আর আগের মতো ক্রেতাদের ভিড় নেই। ফলে অতিরিক্ত কর্মী নিয়োগের প্রয়োজনই পড়েনি। আগে পয়লা বৈশাখের আগে দিনভর দোকানে এতটাই ভিড় থাকত যে ব্যবসায়ীরা খাওয়াদাওয়ার সময় পর্যন্ত পেতেন না। অথচ এবছর হাতে গোনা কয়েকজন ক্রেতাকেই নিজেরাই সামলে নিতে পারছেন দোকানদাররা।

শিলিগুড়ি টাউন স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নিরঞ্জন চন্দ্র কুন্ডু বলেন, অনলাইন বাজার যেভাবে ক্রমশ দখল নিচ্ছে, তাতে স্থানীয় বাজারে ক্রেতার সংখ্যা তলানিতে এসে ঠেকেছে। তিনি জানান, অত্যন্ত কম দামে কাপড়জামা বিক্রি করা সত্ত্বেও এবং তার ওপর অতিরিক্ত ছাড় দেওয়ার পরেও ক্রেতা টানতে পারছেন না তাঁরা।

এই পরিস্থিতি ব্যবসায়ীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। তাঁদের আশঙ্কা, ভবিষ্যতে এর প্রভাব পড়তে পারে কর্মসংস্থানের ওপরও। বহু মানুষ বেকার হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তাঁরা।
ব্যবসায়ীদের বক্তব্য, সব ব্যবসা যদি পুরোপুরি অনলাইনের দখলে চলে যায়, তা মেনে নেওয়া সম্ভব নয়। ছোট ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কিছু বিধিনিষেধ বা নীতিগত সহায়তা প্রয়োজন বলেও তাঁরা দাবি জানিয়েছেন।