কার্শিয়াংয়ে লড়াই জমজমাট, ৭ প্রার্থী চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক : কার্শিয়াং বিধানসভা কেন্দ্র (২৪-কার্শিয়াং) থেকে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন দপ্তর। নির্ধারিত ফর্ম ৭এ অনুযায়ী প্রকাশিত এই তালিকায় মোট ৭ জন প্রার্থীর নাম অন্তর্ভুক্ত হয়েছে, যা ইতিমধ্যেই পাহাড়ের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে।

স্বীকৃত জাতীয় ও রাজ্য রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে রয়েছেন উত্তম ব্রাহ্মণ, যিনি সিপিআই(এম)-এর হয়ে ‘হাতুড়ি, কাস্তে ও তারা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সরোজ কুমার খত্রি কংগ্রেসের হয়ে ‘হাত’ প্রতীক নিয়ে এবং সোনম লামা বিজেপির হয়ে ‘পদ্ম’ প্রতীক নিয়ে নির্বাচনী ময়দানে নেমেছেন।

অন্যদিকে, নিবন্ধিত (অ-স্বীকৃত) রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে রয়েছেন অমর লামা, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার হয়ে ‘ব্যাটারি টর্চ’ প্রতীক নিয়ে লড়াই করবেন।
স্বতন্ত্র প্রার্থীদের তালিকাও কম গুরুত্বপূর্ণ নয়। এখানে রয়েছেন বন্দনা রাই, যিনি ‘রুটি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি মোহন শর্মা ‘কম্পিউটার’ প্রতীক এবং সুমেন্দ্র তামাং ‘হুইসেল’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, ৯ এপ্রিল ২০২৬ তারিখে কার্শিয়াংয়ে রিটার্নিং অফিসারের দপ্তর থেকে এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই কার্শিয়াংয়ে রাজনৈতিক লড়াই আরও তীব্র আকার ধারণ করেছে এবং ভোটের উত্তেজনা ধীরে ধীরে চরমে পৌঁছচ্ছে।