চাকরি নয়, শিল্প গড়ার স্বপ্ন”—তরুণদের উদ্দেশে অনুপ্রেরণার বার্তা

নিজস্ব প্রতিবেদন : অদম্য ইচ্ছাশক্তি থাকলে সামান্য থেকে অসামান্য হয়ে ওঠা অসম্ভব নয়—এই বিশ্বাসই আরও একবার সামনে এল শিলিগুড়ির শিল্প তালুক থেকে। এখানে এমন এক উদ্যোক্তার গল্প শোনা যায়, যিনি একসময় মাত্র ৬০০ টাকা মাসিক বেতনের চাকরি করতেন, আর আজ নিজ প্রচেষ্টায় তিনটি শিল্প ইউনিট প্রতিষ্ঠা করেছেন।

এই উদাহরণ তুলে ধরে শিল্প গড়ার মানসিকতার ওপর জোর দিলেন উৎপল সরকার ।খবরের ঘন্টার সঙ্গে কথোপকথনে তিনি জানান, শিল্প স্থাপনের মূল চাবিকাঠি হলো ভেতরের সেই তাগিদ—শিল্প গড়ার ‘খিদে’। মানুষের মধ্যে যদি সেই মানসিকতা থাকে, তাহলে শিল্প গড়ে ওঠা সময়ের অপেক্ষা মাত্র। তিনি বলেন, বর্তমানে সরকারি দপ্তরগুলি নতুন শিল্প স্থাপনে সহায়ক ভূমিকা নিতে প্রস্তুত।

ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়ার সুযোগ রয়েছে, পাশাপাশি দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণও দেওয়া হচ্ছে উদ্যোক্তাদের জন্য।
উৎপল সরকারের মতে, শিলিগুড়ি আজ দেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র হিসেবে নিজস্ব পরিচিতি তৈরি করেছে। সেবক রোডের শিল্প তালুকেই বর্তমানে প্রায় ১০৫টি শিল্প ইউনিট সক্রিয়ভাবে কাজ করছে।

তবে এখানেই থেমে থাকতে চান না তাঁরা। তাঁর আশা, নতুন প্রজন্ম আরও বেশি করে শিল্প কারখানা গড়ার দিকে আগ্রহী হয়ে উঠবে।নিজের জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁর বাবা চেয়েছিলেন তিনি একটি স্থায়ী চাকরি করুন। কিন্তু ছোটবেলা থেকেই তাঁর মন ছিল শিল্প গড়ার দিকে।

সেই স্বপ্ন নিয়েই তিনি এগিয়ে চলেছেন এবং আজ তাঁর নিজস্ব শিল্প প্রতিষ্ঠান কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করছে।
সবশেষে তাঁর বার্তা স্পষ্ট—চাকরির পিছনে ছোটা নয়, বরং নতুন কিছু গড়ে তোলার সাহসই ভবিষ্যতের অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলতে পারে।