নিজস্ব প্রতিবেদন : শিলিগুড়ি মহকুমার বিধাননগরে অবস্থিত মুরালীগঞ্জ হাই স্কুল এক অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। বর্তমানে যখন বিভিন্ন সরকারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমশ কমছে, সেই সময়ে মুরালীগঞ্জ হাই স্কুলে দিন দিন পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এলাকার অভিভাবকদের বিশ্বাস, এই স্কুলের উন্নত পঠনপাঠন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা, পরিবেশ সচেতনতা এবং নৈতিক শিক্ষার সমন্বিত প্রয়াসই ছাত্রছাত্রীদের কাছে স্কুলটিকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে।
প্রধান শিক্ষক সামসুল আলমের নেতৃত্বে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় মুরালীগঞ্জ হাই স্কুল আজ শুধু বিধাননগর নয়, সমগ্র শিলিগুড়ি মহকুমার গর্ব হয়ে উঠেছে।
সম্প্রতি প্রকাশিত ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলেও সেই সাফল্যেরই উজ্জ্বল প্রতিফলন দেখা গেল। স্কুল সূত্রে জানা গিয়েছে, এবছর মোট ১৪৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ১৩৪ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছে।
ফলাফলের নিরিখে উল্লেখযোগ্য বিষয় হলো—
৯৫ শতাংশের উপরে নম্বর পেয়েছে ১ জন,
৮০ শতাংশের উপরে রয়েছে ৯ জন,
৭৫ শতাংশের উপরে ১২ জন এবং
৬০ শতাংশের উপরে নম্বর অর্জন করেছে ৫২ জন ছাত্রছাত্রী।
সবচেয়ে গর্বের বিষয়, এই স্কুলের ছাত্রী অদিতি কর্মকার ৪৮০ নম্বর পেয়ে রাজ্যের মেধাতালিকায় ১৬তম স্থান অধিকার করেছে। ফলে এবারও রাজ্যের প্রথম কুড়ি জনের মধ্যে জায়গা করে নিল মুরালীগঞ্জ হাই স্কুলের নাম।
স্কুলের এই অসাধারণ সাফল্যে খুশির হাওয়া ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যে। প্রধান শিক্ষক সামসুল আলম জানান, শুধুমাত্র পরীক্ষার ফল নয়, একজন আদর্শ মানুষ গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। সেই উদ্দেশ্য নিয়েই স্কুলে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও নৈতিক মূল্যবোধের উপর সমান গুরুত্ব দেওয়া হয়।
মুরালীগঞ্জ হাই স্কুলের এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে দিয়েছে, সঠিক নেতৃত্ব, আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার প্রতি দায়বদ্ধতা থাকলে সরকারি স্কুলও দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

