বিধান মার্কেটে ভাষা শহিদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য, বাংলা ভাষা রক্ষার দাবিতে সোচ্চার ভাষাপ্রেমীরা

নিজস্ব প্রতিবেদক : ১৯শে মে ভাষা শহিদ দিবস উপলক্ষে শিলিগুড়ির বিধান মার্কেট অটো স্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হল এক বিশেষ স্মরণসভা ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠান। বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং বাংলা ভাষার মর্যাদা ও অধিকার রক্ষার দাবিতে একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য উঠে আসে।

এদিন শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করেই অনুষ্ঠানে উপস্থিত হন প্রবীণ বাংলা ভাষা অনুরাগী অনিল রায়। তাঁর উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ আবেগের পরিবেশ তৈরি করে। পাশাপাশি বিশিষ্ট বাংলা ভাষা অনুরাগী ও লেখক আশীষ ঘোষ ভাষা আন্দোলনের ইতিহাস ও বর্তমান সময়ে বাংলা ভাষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটির প্রচার সচিব মহেশ্বর বর্মন সহ আরও অনেকে ।
অনুষ্ঠানে প্রদর্শিত পোস্টারে বাংলা ভাষা ও পশ্চিমবঙ্গের স্বার্থে একাধিক দাবি তুলে ধরা হয়।

তার মধ্যে উল্লেখযোগ্য ছিল— নিউ জলপাইগুড়ি রেলের ক্ষেত্রে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) অফিস গঠন, শিলিগুড়িতে বিশেষ অর্থনৈতিক জোন তৈরির দাবি, ভারতীয় সেনাবাহিনীতে পশ্চিমবঙ্গ রেজিমেন্ট গঠন এবং কেন্দ্রীয় ও রাজ্যের সরকারি-বেসরকারি ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভূমিপুত্রদের জন্য ৯৫ শতাংশ সংরক্ষণের দাবি।

ভাষা শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে বক্তারা বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও আগামী প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।