স্বাস্থ্য সচেতনতায় মানবিক উদ্যোগ, ভক্তিনগরে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির

নিজস্ব প্রতিবেদক : সাধারণ ও প্রান্তিক মানুষের স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য করে তুলতে মানবিক উদ্যোগ নিল ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি ও এজমি কেয়ার’স। দুই সংস্থার যৌথ উদ্যোগে শিলিগুড়ি আসরফনগরে আয়োজিত হলো একটি কমিউনিটি প্রিভেন্টিভ হেলথ ক্যাম্প। সমাজের গরিব ও অসহায় মানুষের কথা মাথায় রেখেই এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।

ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মোক্তার জানান, প্রতি মাসের প্রথম ও চতুর্থ সপ্তাহে নিয়মিতভাবে এই ধরনের স্বাস্থ্য শিবির আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। রবিবার আয়োজিত শিবিরে বহু মানুষ স্বাস্থ্য পরিষেবার সুবিধা গ্রহণ করেন।

এদিনের শিবিরে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রক্ত পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা করা হয়। বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে থাকা বহু মানুষ এই শিবির থেকে উপকৃত হয়েছেন। চিকিৎসা পরিষেবার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার বার্তাও তুলে ধরা হয় শিবিরে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক ডাঃ শাইনা খান, যিনি ইলেক্ট্রো-হোমিওপ্যাথি বিশেষজ্ঞ হিসেবে স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন। স্বাস্থ্য শিবিরে আগতদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রাথমিক পরীক্ষা করা হয় যত্ন সহকারে।

উদ্যোক্তাদের তরফে পূজা মোক্তার এবং অন্যদের বক্তব্য, “মানুষের সুস্থ জীবনই একটি শক্তিশালী সমাজ গঠনের মূল ভিত্তি।” সেই লক্ষ্যকে সামনে রেখেই ভবিষ্যতেও আরও বেশি মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ চালিয়ে যাবে ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি ও এজমি কেয়ার’স।