নিজস্ব প্রতিবেদন : আসন্ন বকরি ঈদ উপলক্ষে আগামী ২৮ মে, বৃহস্পতিবার রাজ্য জুড়ে সরকারি ছুটি ঘোষণা করল নবান্ন। শনিবার রাজ্য সরকারের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দিন সমস্ত সরকারি দফতর, স্কুল-কলেজ, ব্যাংক ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর আগে সামাজিক মাধ্যমে ২৬ ও ২৭ মে ঈদের ছুটি নিয়ে নানা জল্পনা ছড়ালেও শেষ পর্যন্ত স্পষ্ট করা হয়েছে যে, চলতি বছরে ঈদ-উল-আধা বা বকরি ঈদ পালিত হবে ২৮ মে বৃহস্পতিবারই। সরকারি ছুটির ক্যালেন্ডারে প্রথমে ২৭ মে ছুটির উল্লেখ থাকলেও পরে চাঁদ দেখার সম্ভাব্য হিসাব অনুযায়ী তারিখ পরিবর্তন করা হয়।
ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইদ-উল-আধা হিজরি ক্যালেন্ডারের শেষ মাস ধু-আল-হিজ্জার দশম দিনে উদযাপিত হয়। চাঁদ দেখার উপর নির্ভর করেই বিভিন্ন দেশে এই উৎসবের দিন নির্ধারিত হয়। এ বছর আরব দেশগুলিতে ২৫ মে থেকে ২৯ মে পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে।
বকরি ঈদকে কুরবানির ঈদও বলা হয়ে থাকে। ঈদের নামাজের পর মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্মীয় রীতি মেনে কুরবানি দেন। কুরবানির মাংস সাধারণত তিন ভাগে ভাগ করা হয়—এক ভাগ পরিবারের জন্য, এক ভাগ আত্মীয়-স্বজন ও বন্ধুদের মধ্যে এবং অপর ভাগ দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।
এদিকে উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হয়েছে। মালদহের মানিকচক ব্লক কমিউনিটি হলে শনিবার এক শান্তি বৈঠকের আয়োজন করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক গৌড় চন্দ্র মণ্ডল, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, মানিকচক থানার আইসি, ভুতনি থানার ওসি সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। সকলেই শান্তিপূর্ণ ও সৌহার্দ্যের পরিবেশে ঈদ উৎসব পালনের আহ্বান জানান।

