শিলিগুড়িতে উদ্ধার হওয়া নিখোঁজ তরুণীকে পরিবারের হাতে ফিরিয়ে দিল শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি

নিজস্ব প্রতিবেদন : মানবিকতার এক উজ্জ্বল নজির গড়ে উত্তরপ্রদেশের গাজীপুর জেলার গরুয়া মকসুদপুর গ্রামের এক নিখোঁজ তরুণীকে তাঁর বাবা-মায়ের হাতে নিরাপদে ফিরিয়ে দিল শিলিগুড়ির ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি।

জানা গেছে, মানসিকভাবে অসুস্থ ওই তরুণী গত ১৭ মে নিজের গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। বিভিন্ন ট্রেনে যাতায়াত করতে করতে তিনি শেষ পর্যন্ত শিলিগুড়ির রাঙাপানি এলাকার ক্যান্সার হাসপাতাল সংলগ্ন অঞ্চলে পৌঁছে যান। পরে স্থানীয় পুলিশ তাঁকে উদ্ধার করে গত ৩১ মে সমাজসেবী পূজা মোক্তারের জিম্মায় দেয়।

এরপর পূজা মোক্তার তরুণীর পরিচয় ও পরিবারের সন্ধান পাওয়ার জন্য উদ্যোগী হন। দীর্ঘ প্রচেষ্টার পর উত্তরপ্রদেশে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়। খবর পেয়ে গত ৫ জুন তরুণীর বাবা-মা গাজীপুর থেকে শিলিগুড়িতে এসে পৌঁছান।

সেদিন ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তরুণীকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। নিজের মেয়েকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাঁর বাবা-মা। তাঁরা সমাজসেবী পূজা মোক্তার এবং শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

পূজা মোক্তার জানান, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের সংগঠনের মূল লক্ষ্য। এই তরুণীকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত বলেও জানান।