বিশ্ব পরিবেশ দিবসে শিলিগুড়িতে বর্ণাঢ্য পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে শুক্রবার শিলিগুড়িতে এক সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করে শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটি। “একটি গাছ, একটি প্রাণ” এই মূলমন্ত্রকে সামনে রেখে ভেনাস মোড় থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রাটি।

পদযাত্রায় অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে নাগরিকদের সচেতন করেন। এদিন পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং অধিক সংখ্যক গাছ লাগানোর আহ্বান জানিয়ে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।

শোভাযাত্রা শেষে পথচারীদের মধ্যে চারা গাছ বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশবান্ধব জীবনযাপন গড়ে তোলা এবং প্রকৃতি সংরক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য সাধারণ মানুষের প্রতি আবেদন জানানো হয়।
বিশ্ব পরিবেশ দিবসে এই উদ্যোগকে ঘিরে শহরবাসীর মধ্যে যথেষ্ট উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।