যুব সমাজকে বাঁচাতে ব্রহ্মচর্যের ডাক ,কলেজে বেডরুম- কন্ডোম বিতর্ক!

নিজস্ব প্রতিবেদন : কলেজে বেডরুম, কন্ডোম; লাইব্রেরিতে বইয়ের বদলে মদের বোতল!
রাজ্যের শিক্ষা-সংস্কৃতির অবক্ষয় রুখতে ব্রহ্মচর্য, মেডিটেশন ও নৈতিক শিক্ষার দাবি ইসকনের।
কলেজে কী হচ্ছে?
লাইব্রেরিতে বই নয়, উদ্ধার মদের বোতল!
যুব সমাজ কি বিপথে যাচ্ছে?
সমাধান হিসেবে ব্রহ্মচর্য, যোগ ও নৈতিক শিক্ষার দাবি
বিশ্ব যোগ দিবসের আগে বড় বার্তা ইসকন মহারাজের

⭕এখন সংবাদ
বিস্তারিত
পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রতি একের পর এক বিতর্কিত ঘটনার প্রেক্ষিতে রাজ্যের শিক্ষা ও সংস্কৃতির অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিলিগুড়ি ইসকন মন্দিরের সভাপতি স্বামী অখিলাত্মাপ্রিয় দাস। তাঁর দাবি, শৈশব ও কৈশোর থেকেই শিক্ষার্থীদের মধ্যে ব্রহ্মচর্য, মেডিটেশন এবং নৈতিক শিক্ষার পাঠ চালু করা জরুরি।
আগামী ২১ জুন বিশ্ব যোগ দিবসকে সামনে রেখে তিনি বলেন, সরকারি ও বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের পাঠক্রম চালু করা হলে যুব সমাজ নতুন করে প্রাণশক্তি ফিরে পাবে। তবে এর পাশাপাশি কর্মসংস্থানের বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
স্বামী অখিলাত্মাপ্রিয় দাসের মতে, বৈদিক যুগে ঋষি-মুনিরা দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উন্নত মেধার অধিকারী ছিলেন। এর অন্যতম কারণ ছিল ব্রহ্মচর্য পালন, যোগাসন, মেডিটেশন এবং সুষম খাদ্যাভ্যাস। বর্তমানে অতিরিক্ত ফাস্ট ফুড ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শরীর ও মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, মোবাইল ও ডিজিটাল মাধ্যমে ইতিবাচক বিষয় দেখা ও শোনা, উত্তেজক খাদ্যাভ্যাস পরিহার এবং সৎ সঙ্গ গ্রহণ ব্রহ্মচর্য পালনের গুরুত্বপূর্ণ শর্ত। তাঁর মতে, যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন, অন্যথায় আগামী প্রজন্ম বড় সংকটের মুখে পড়তে পারে।
এছাড়াও যুবকদের মধ্যে আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে ইসকনের উদ্যোগে একটি গীতা জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রতিযোগিতায় সফল অংশগ্রহণকারীদের পুরস্কার ও বৃত্তি প্রদান করা হবে বলে জানান তিনি।