চিকিৎসায় মুনাফার ছায়া, সতর্ক করলেন ডাঃ মলয় চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদন : ওষুধের প্রকৃত দাম হয়তো কয়েক হাজার টাকা, অথচ রোগীর কাছ থেকে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা! চিকিৎসা ব্যবস্থার বাণিজ্যিকীকরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন উত্তরবঙ্গের বিশিষ্ট নিউরোসার্জন ডাঃ মলয় চক্রবর্তী। একই সঙ্গে সুস্থ থাকার সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শও দিলেন তিনি।

চিকিৎসা ব্যবস্থার ক্রমবর্ধমান বাণিজ্যিকীকরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিখ্যাত নিউরোসার্জন ডাঃ মলয় চক্রবর্তী। খবরের ঘন্টার সঙ্গে একান্ত আলাপচারিতায় ফুলবাড়ির থ্যালামাস ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে বসে তিনি বলেন, বর্তমানে এমন কিছু ব্যবসায়ী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চিকিৎসা ব্যবস্থা চলে যাচ্ছে, যাঁদের স্বাস্থ্য বা চিকিৎসা পরিষেবা সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেই।

তাঁদের নিয়ন্ত্রণেই বহু কর্পোরেট হাসপাতাল পরিচালিত হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।ডাঃ চক্রবর্তীর অভিযোগ, কোথাও কোথাও যে ওষুধের প্রকৃত দাম ৩০-৪০ হাজার টাকা, সেই ওষুধই রোগীদের কাছে ৫০ লক্ষ টাকা পর্যন্ত মূল্যে পৌঁছে যাচ্ছে। চিকিৎসা পরিষেবাকে ব্যবসার চোখে দেখার প্রবণতা বাড়ছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

স্বাস্থ্য সচেতনতা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান যুগ সম্পূর্ণভাবে একটি ‘ডিজিটাল লাইফ’-এর যুগ। ফলে মানুষের জীবনযাত্রা ক্রমশ বেশি চাপপূর্ণ বা স্ট্রেসফুল হয়ে উঠছে। তাঁর মতে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর — এই নীতিকেই জীবনের অংশ করে তুলতে হবে।

সুস্থ থাকার জন্য তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জোর দেন। এর মধ্যে রয়েছে স্ট্রেসমুক্ত জীবনযাপন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং প্রতি ছয় মাস অন্তর মাস্টার হেলথ চেক-আপ করানো।

তাঁর বক্তব্য, স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকলে এবং নিয়মিত প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করালে অনেক রোগই প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, ফলে চিকিৎসাও সহজ ও কার্যকর হয়।
চিকিৎসার বাণিজ্যিকীকরণ নিয়ে উদ্বেগের পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্য সচেতনতার বার্তাও এদিন স্পষ্টভাবে তুলে ধরলেন উত্তরবঙ্গের এই প্রতিভাবান নিউরোসার্জন