দুই দপ্তরের দায়িত্বে আনন্দময় বর্মণ

নিজস্ব প্রতিবেদক : একই দিনে অর্থ ও পরিবহন—দুটি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন আনন্দময় বর্মণ।কলকাতায় আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণের পর দপ্তরের আধিকারিক ও কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্র থেকে রেকর্ড ব্যবধানে জয়ী হয়ে এবার রাজ্য মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন এই বিধায়ক।

শুক্রবার রাজ্য সরকারের দুটি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর এবং পরিবহন দপ্তর—উভয় ক্ষেত্রেই প্রতিমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণের পর দপ্তরের আধিকারিক ও কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন আনন্দময় বর্মন। প্রশাসনিক কাজকর্ম সম্পর্কে প্রাথমিক আলোচনা করতেও দেখা যায় তাঁকে।

অন্যদিকে, একই দিনে পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব নেওয়ার পর ওই দপ্তরের আধিকারিক ও কর্মীদের সঙ্গেও মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন নতুন প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্র থেকে রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করে রাজনৈতিক মহলে বিশেষ নজর কাড়েন আনন্দময় বর্মন। এবার রাজ্য সরকারের দুই গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পাওয়ায় তাঁর রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব আরও বৃদ্ধি পেল বলে মনে করছে রাজনৈতিক মহল।