পশ্চিমবঙ্গ দিবসে বাংলার ঐতিহ্য ও ইতিহাসের বন্দনা

নিজস্ব প্রতিবেদক : বাংলার গৌরবময় ইতিহাসকে স্মরণ। শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি বিশেষ শ্রদ্ধার্ঘ্য। সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসচর্চায় মুখর রামকিঙ্কর হল। পশ্চিমবঙ্গের জন্মলগ্ন ও উত্তরাধিকারের বার্তা পৌঁছল নতুন প্রজন্মের কাছে
পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চ প্রাঙ্গণের রামকিঙ্কর প্রদর্শনী কক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, দার্জিলিং।

পশ্চিমবঙ্গের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস ও দেশভাগ-পরবর্তী পশ্চিমবঙ্গ গঠনের প্রেক্ষাপটকে তুলে ধরাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মহকুমা শাসক, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক জয়ন্ত কুমার মল্লিক, বিশিষ্ট শিক্ষাবিদ সামসুল আলম, চটহাট হাইস্কুলের শিক্ষক প্রেমানন্দ রায়, প্রাবন্ধিক অশেষ দাস-সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচকরা তাঁদের বক্তব্যে পশ্চিমবঙ্গ দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মের মধ্যে বাংলার ইতিহাস ও সাংস্কৃতিক উত্তরাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের গৌরবময় ঐতিহ্যকে কেন্দ্র করে সাংস্কৃতিক পরিবেশনা, অডিও-ভিজ্যুয়াল প্রদর্শনী এবং নানা মননশীল পর্ব অনুষ্ঠিত হয়।

এদিন পশ্চিমবঙ্গ গঠনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতির প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তারা তাঁর অবদান স্মরণ করে বাংলার স্বতন্ত্র পরিচয় রক্ষায় তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা মউল্লেখ করেন।সংস্কৃতি ও ইতিহাসের মেলবন্ধনে আয়োজিত এই অনুষ্ঠান পশ্চিমবঙ্গ দিবস উদযাপনকে এক অর্থবহ ও স্মরণীয় মাত্রা প্রদান করে।