জরায়ুতে সিস্ট কেন বাড়ছে? কারণ ও প্রতিরোধে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন ডাঃ জি বি দাস

নিজস্ব প্রতিবেদক : বর্তমান জীবনযাত্রার পরিবর্তনের প্রভাব পড়ছে নারীদের স্বাস্থ্যে।কম বয়স থেকেই অনেকের জরায়ুতে সিস্টের সমস্যা ধরা পড়ছে, যা উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসকদের।
কী কারণে এই সমস্যা বাড়ছে এবং কীভাবে প্রতিরোধ করা সম্ভব, জানালেন বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ জি বি দাস।

আধুনিক জীবনযাত্রার নানা পরিবর্তনের কারণে বর্তমানে নারীদের মধ্যে জরায়ুতে সিস্টের সমস্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন শিলিগুড়ির বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ তথা নিউ রামকৃষ্ণ সেবা সদন ও গণপতি হেল্থ কেয়ারের কর্ণধার ডাঃ জি বি দাস।

তাঁর মতে, নিয়মিত কায়িক পরিশ্রমের অভাব, গভীর রাত পর্যন্ত মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার, শরীরে অতিরিক্ত মেদ বা ওজন বৃদ্ধি এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস—এসব কারণ একসঙ্গে নারীদের হরমোনের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। এর ফলেই অনেকের জরায়ুতে সিস্টের মতো সমস্যা দেখা দিচ্ছে, যা পরবর্তীকালে শারীরিক অস্বস্তি ও নানা জটিলতার কারণ হতে পারে।

ডাঃ দাস পরামর্শ দেন, সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চা, সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ, পর্যাপ্ত ঘুম এবং ওজন নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। পাশাপাশি মাসিকের অনিয়ম, তলপেটে ব্যথা বা অন্য কোনও অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানান তিনি।

জরায়ুতে সিস্ট নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে সচেতনতা ও সময়মতো চিকিৎসাই এই সমস্যা মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায় বলে মত প্রকাশ করেন বিশিষ্ট এই স্ত্রী রোগ বিশেষজ্ঞ।