ফলের স্বাদে পুষ্টির পাঠ, সততার শিক্ষা—অভিনব উদ্যোগ মাতঙ্গিনী শিশু নিকেতনে

নিজস্ব প্রতিবেদক : ফাস্ট ফুডের আকর্ষণে যখন অনেক শিশু ফল ও শাকসবজি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, ঠিক তখনই ব্যতিক্রমী উদ্যোগ নিল হাতিয়াডাঙার মাতঙ্গিনী শিশু নিকেতন। ফলের পুষ্টিগুণের সঙ্গে শিশুদের শেখানো হল সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের পাঠ। অভিনব এই ‘ফল উৎসব’-এ মুগ্ধ অভিভাবক ও অতিথিরা।

শিশুদের সুস্থ জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস এবং নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্য নিয়ে গত ৪ জুলাই হাতিয়াডাঙার ইস্টার্ন বাইপাস সংলগ্ন মাতঙ্গিনী শিশু নিকেতন-এ আয়োজন করা হয় এক ব্যতিক্রমী ‘ফল উৎসব–২০২৬’।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার দাস জানান, বর্তমান সময়ে ফাস্ট ফুড, মোমো ও চাউমিনের প্রতি শিশুদের অতিরিক্ত ঝোঁকের ফলে তারা ধীরে ধীরে ফল ও শাকসবজির গুরুত্ব ভুলে যাচ্ছে। অনেক শিশুই বিভিন্ন ফল সম্পর্কে সঠিকভাবে জানে না। সেই কারণেই শিশুদের কাছে ফলের পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তা তুলে ধরতে এই বিশেষ আয়োজন করা হয়।

উৎসব উপলক্ষে বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা বিভিন্ন মরশুমি ফলের প্রদর্শনী করে এবং ফল সম্পর্কে নিজেদের জ্ঞানও তুলে ধরে। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ফল বিষয়ক কুইজ প্রতিযোগিতা, যেখানে অংশ নিয়ে শিশুরা আনন্দের মধ্য দিয়ে ফলের পরিচয় ও পুষ্টিগুণ সম্পর্কে নতুন করে জানতে পারে।

তবে শুধু স্বাস্থ্য সচেতনতা নয়, এই অনুষ্ঠানে শিশুদের মধ্যে সততা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, যে সব শিক্ষার্থী সততার পরিচয় দিয়ে অন্যের হারানো পেন্সিল, রাবার বা অন্যান্য সামগ্রী নিজের কাছে না রেখে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে ফিরিয়ে দিয়েছে, তাদের এই সুন্দর মানসিকতাকে সম্মান জানাতে ১৫ জন পড়ুয়াকে ‘মাতঙ্গিনী রত্ন’ পুরস্কারে ভূষিত করা হয়।

ছোটবেলা থেকেই শিশুদের মনে ‘অন্যের জিনিস নিজের নয়’—এই মূল্যবোধ গড়ে তোলার প্রয়াসকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ও পুষ্টিবিদ ডা. জয়শ্রী জানা, বানীমন্দির হাইস্কুলের শরীর শিক্ষার শিক্ষক সুদীপ্ত জানা, হাতিয়াডাঙা গ্রাম পঞ্চায়েতের সদস্য আদুরী বালা বিশ্বাস, দিলীপ রায়, বিশিষ্ট সমাজসেবী গৌতম অধিকারী-সহ অন্যান্য অতিথিরা।

অতিথিরা শিশুদের উদ্দেশে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ফল ও শাকসবজির গুরুত্ব এবং সুন্দর চরিত্র গঠনের প্রয়োজনীয়তা নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন।অনুষ্ঠান সুন্দর ভাবে সঞ্চালনা করেন স্কুলের শিক্ষিকা সুস্মিতা সাহা এবং স্কুলের কর্নধার সঞ্জীব কুমার দাস।

ফলের প্রতি ভালোবাসা, সুস্থ জীবনযাপনের বার্তা এবং সততার মতো মানবিক গুণাবলির বিকাশ—এই তিনটি বিষয়কে একসূত্রে গেঁথে মাতঙ্গিনী শিশু নিকেতনের ‘ফল উৎসব–২০২৬’ হয়ে উঠল এক অনন্য ও শিক্ষণীয় আয়োজন। উপস্থিত অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।