পুটিনবাড়ি চা বাগানে মানবসেবার নজির, শ্রমিকদের পাশে শ্রী সারদা সংঘ

নিজস্ব প্রতিবেদন : স্বামী বিবেকানন্দের ‘শিব জ্ঞানে জীব সেবা’ আদর্শকে বাস্তবে রূপ দিল শ্রী সারদা সংঘের শিলিগুড়ি টাউন শাখা। দার্জিলিং জেলার তরাই অঞ্চলের পুটিনবাড়ি চা বাগানে পৌঁছে শ্রমিক ও শিশুদের হাতে তুলে দেওয়া হল প্রয়োজনীয় সামগ্রী, পরিবেশন করা হল মাছ-ভাতের আহার। মানবিক এই উদ্যোগে খুশি চা বাগানের শ্রমিক ও তাঁদের পরিবার।

স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস উপলক্ষে মানবসেবার এক অনন্য কর্মসূচির আয়োজন করল সর্বভারতীয় শ্রী সারদা সংঘের শিলিগুড়ি টাউন শাখা। ‘শিব জ্ঞানে জীব সেবা’কে সামনে রেখে সংঘের সদস্যরা রবিবার দার্জিলিং জেলার তরাই অঞ্চলের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাপরাইল এলাকার পুটিনবাড়ি চা বাগানে পৌঁছে চা শ্রমিক ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ান।

প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে প্রায় ৩০ জন চা শ্রমিকের হাতে বর্ষার আগমনের প্রাক্কালে ছাতা ও গ্লুকন-ডি তুলে দেওয়া হয়। পাশাপাশি চা বাগানের শিশুদের জন্য কেক, চকলেট ও চিপস বিতরণ করা হয়। এছাড়াও প্রায় ৪০ জন শিশু, কিশোর ও কিশোরীকে মাছের ঝোল-ভাত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের সূচনা হয় শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের প্রণাম মন্ত্র পাঠের মাধ্যমে। পরে সংঘের সদস্যরা ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করে আধ্যাত্মিক ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করেন।

এই মানবিক উদ্যোগে চা শ্রমিকরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, সমাজের অনগ্রসর ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সর্বভারতীয় শ্রী সারদা সংঘের শিলিগুড়ি টাউন শাখা অতীতেও বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে সেবামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। মানবকল্যাণে তাঁদের এই নিরলস প্রয়াস স্থানীয় মানুষের কাছে প্রশংসিত হয়েছে।