ইতিবাচক শক্তির প্রসারে সাংবাদিকদের ভূমিকার ওপর জোর রাজ্যপালের

নিজস্ব প্রতিবেদক : সমাজে শুভ ও ইতিবাচক শক্তির বিকাশ ঘটাতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে সাংবাদিকদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। তাঁর মতে, সমাজে যদি ক্রমাগত নেতিবাচকতা ও অশুভ শক্তির প্রচার-প্রসার ঘটে, তাহলে সেই শক্তিগুলিই আরও প্রভাবশালী হয়ে ওঠে।

অন্যদিকে, ভালো কাজ, ইতিবাচক উদ্যোগ এবং সৎ মানুষের কর্মকাণ্ডকে বেশি করে তুলে ধরা হলে সমাজে শুভ শক্তির বিস্তার ঘটে এবং তা মানুষের মধ্যে আশাবাদ ও মূল্যবোধ জাগিয়ে তোলে।রবিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চ-এ আয়োজিত নারদ জয়ন্তী উপলক্ষে সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল এই মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করেছিল বিশ্ব সংবাদ কেন্দ্র।

রাজ্যপাল বলেন, সংবাদমাধ্যম কেবল তথ্য পরিবেশনের মাধ্যম নয়, সমাজ গঠনেরও একটি শক্তিশালী হাতিয়ার। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দেশের সার্বিক কল্যাণ, সামাজিক মূল্যবোধ এবং ইতিবাচক চিন্তাধারাকে গুরুত্ব দিয়ে কাজ করা প্রয়োজন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সমাজে শুভ শক্তির বিকাশ ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করলে তা দেশ ও সমাজের জন্য মঙ্গলজনক হবে।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয় এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিভিন্ন দিকও আলোচিত হয়। রাজ্যপালের বক্তব্যে সমাজে ইতিবাচক চিন্তা ও গঠনমূলক সংবাদ পরিবেশনের প্রয়োজনীয়তা বিশেষভাবে উঠে আসে।