জাতীয় কুডো প্রতিযোগিতায় সাফল্য, শিলিগুড়িতে পদকজয়ীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : গত ১৬ থেকে ২২ মে মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত জাতীয় কুডো চ্যাম্পিয়নশিপে পশ্চিমবঙ্গের প্রতিযোগীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রতিযোগিতায় রাজ্যের মোট ৩১ জন কুডো খেলোয়াড় অংশ নেয়। তাঁদের মধ্যে সোনা, রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে মোট ১২টি পদক আসে বাংলার ঝুলিতে।

এর মধ্যে উত্তরবঙ্গ তথা শিলিগুড়ি অঞ্চলের খেলোয়াড়রাই জিতে নিয়েছে ৮টি পদক, আর দক্ষিণবঙ্গের প্রতিযোগীদের ঝুলিতে এসেছে ৪টি পদক।প্রতিযোগিতায় একমাত্র স্বর্ণপদক জয় করেছে ঈষা মণ্ডল। এছাড়া উত্তরবঙ্গের পদকজয়ীদের মধ্যে রয়েছে ডলি সাহা (রৌপ্য), আরুশি প্রামাণিক (রৌপ্য), তবস্মিতা দত্ত (রৌপ্য), আরোশি চক্রবর্তী (ব্রোঞ্জ), স্যামন্তক সরকার (ব্রোঞ্জ), মৈনাক বর্মন (ব্রোঞ্জ), সুইটি মিন্জ (ব্রোঞ্জ) এবং আবির দাস (ব্রোঞ্জ)।

পুনের জাতীয় প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী উত্তরবঙ্গের এই কুডো খেলোয়াড়দের সম্মান জানাতে রবিবার শিলিগুড়ির ভারতনগর পাইপলাইন এলাকায় কুডো প্রশিক্ষক সেনসি সহদেব বর্মনের প্রশিক্ষণ কেন্দ্রে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরালীগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম, ঘোষপুকুর মাদাতি হাইস্কুলের প্রধান শিক্ষক ঋষিকেশ জওহর, চলচ্চিত্র পরিচালক রত্নজিৎ রায়, উত্তম নাথসহ বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান শিক্ষক সামসুল আলম বলেন, তাঁদের বিদ্যালয় রাজ্যের মধ্যে প্রথম যেখানে কুডো প্রশিক্ষণকে বাধ্যতামূলক করা হয়েছে।

আত্মরক্ষার কৌশল আয়ত্ত করার পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জাতীয় স্তরেও কৃতিত্বের স্বাক্ষর রাখছে। এই সাফল্যের পিছনে সেনসি সহদেব বর্মনের নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের বিশেষ ভূমিকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।সেনসি সহদেব বর্মন জানান, জাতীয় প্রতিযোগিতার সাফল্যের পর এবার তাঁদের লক্ষ্য আন্তর্জাতিক মঞ্চ।

আগামী নভেম্বর মাসে আহমেদাবাদে অনুষ্ঠিতব্য অক্ষয় কুমার কুডো ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ-এ অংশগ্রহণের জন্য প্রস্তুতি শীঘ্রই শুরু হবে।উত্তরবঙ্গের কুডো খেলোয়াড়দের এই ধারাবাহিক সাফল্য আগামী দিনে আরও বড় মঞ্চে জেলার নাম উজ্জ্বল করবে বলেই আশাবাদী ক্রীড়ামহল।