দুই চাকার সঙ্গী, সুস্থ জীবনের পথপ্রদর্শক — বিশ্ব সাইকেল দিবসে সচেতনতার বার্তা

নিজস্ব প্রতিবেদন : প্রযুক্তির যুগে মোটরবাইক, গাড়ি এবং নানা আধুনিক যানবাহনের ভিড়ে অনেকটাই হারিয়ে যেতে বসেছে সাইকেল। অথচ পরিবেশবান্ধব, সাশ্রয়ী এবং স্বাস্থ্যকর এই বাহনটিই আজও কোটি মানুষের নিত্যসঙ্গী। সেই গুরুত্বকে স্মরণ করতেই প্রতি বছর ৩ জুন বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব সাইকেল দিবস।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত সাইকেল চালালে শরীরচর্চা হয়, হৃদরোগের ঝুঁকি কমে, ওজন নিয়ন্ত্রণে থাকে এবং মানসিক চাপও অনেকটা হ্রাস পায়। একই সঙ্গে জ্বালানি খরচ ও বায়ুদূষণ কমাতেও সাইকেলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একসময় স্কুল-কলেজে যাওয়া থেকে শুরু করে কর্মস্থলে পৌঁছানোর অন্যতম ভরসা ছিল সাইকেল। এখনও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বহু মানুষ প্রতিদিনের যাতায়াতে এই বাহনের ওপর নির্ভরশীল। বিশেষজ্ঞদের মতে, নগর জীবনের যানজট ও দূষণের সমস্যা মোকাবিলায় সাইকেলের ব্যবহার আরও বাড়ানো প্রয়োজন।

বিশ্ব সাইকেল দিবসে পরিবেশপ্রেমী ও স্বাস্থ্যসচেতন মহলের বার্তা, প্রতিদিন অন্তত কিছুটা সময় সাইকেল চালানোর অভ্যাস গড়ে তুললে ব্যক্তি ও সমাজ—উভয়ই উপকৃত হবে। সুস্থ শরীর, নির্মল পরিবেশ এবং সাশ্রয়ী যাতায়াতের জন্য সাইকেল হতে পারে ভবিষ্যতের অন্যতম ভরসা