ছাদেই কৃষির বিপ্লব! নরেন্দ্র শিবানী লাউ থেকে জুকিনী—চমকে দিচ্ছেন কৌস্তুভ বিশ্বাস

নিজস্ব প্রতিবেদন :
উত্তরপ্রদেশের একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নরেন্দ্র শিবানি উদ্ভাবন করেছিলেন এক বিশেষ প্রজাতির লাউ, যার নাম ‘নরেন্দ্র শিবানী’। উত্তরপ্রদেশের বিভিন্ন গ্রামে ইতিমধ্যেই বহু কৃষক এই লাউ চাষ করে সাফল্য পেয়েছেন। এবার সেই বিশেষ লাউ জায়গা করে নিয়েছে শিলিগুড়ির ছাদ বাগানে।

শিলিগুড়ির এস এফ রোড এলাকার বাসিন্দা কৌস্তুভ বিশ্বাস নিজের বাড়ির ছাদেই টবের মধ্যে কয়েকটি নরেন্দ্র শিবানী লাউ চাষ করে সকলকে বিস্মিত করেছেন। সীমিত পরিসরে এমন ফলন প্রমাণ করে দিয়েছে যে, সঠিক পরিচর্যা ও ইচ্ছাশক্তি থাকলে ছাদ বাগানেও সম্ভব কৃষির নতুন দিগন্ত উন্মোচন।

কৌস্তুভবাবুর মতে, শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকাতেও ভবিষ্যতে এই বিশেষ লাউ বাণিজ্যিকভাবে চাষ করে বহু চাষি লাভবান হতে পারেন।তবে শুধু নরেন্দ্র শিবানী লাউ নয়—তাঁর ছাদ বাগান জুড়েই রয়েছে একের পর এক চমক। টবের মধ্যেই তিনি ফলিয়েছেন ইউরোপীয় সবজি ‘জুকিনী’।

এই সবজি স্যালাড হিসেবে যেমন খাওয়া যায়, তেমনি রান্না করেও সুস্বাদু। স্বাদ অনেকটা কোয়াশের মতো। প্রতিটি জুকিনীর ওজন দু’ থেকে আড়াই কিলোগ্রামেরও বেশি হয়। দেখতে বড়সড় শসা বা কুমড়োর মতো এই সবজি যথেষ্ট পুষ্টিকর এবং লতানো গাছে ফলে।

গাছের পরিচর্যায় কৌস্তুভ বিশ্বাসের নিষ্ঠা ও ভালোবাসা সত্যিই নজরকাড়া। প্রতিটি গাছকে তিনি সন্তানের মতো যত্ন করেন, আর সেই যত্নের প্রতিদান হিসেবে সারা বছরই তাঁর ছাদে ফলছে আম। শুধু তাই নয়, নতুন চমক হিসেবে এবার তিনি ছাদেই আপেল চাষের উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে আপেল গাছে ফুটেছে ফুল—যা ভবিষ্যতের ফলনের আশাই জাগাচ্ছে।

প্রকৃতির প্রতি এমন অনুরাগ ও সৃজনশীল উদ্যোগের স্বীকৃতি মিলেছে সম্প্রতি। শিলিগুড়িতে আয়োজিত উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনীতে কৌস্তুভ বিশ্বাস অর্জন করেছেন ‘চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়নস’ খেতাব—যা তাঁর নিরলস পরিশ্রম ও সবুজ ভালোবাসারই সম্মান।