নিজস্ব প্রতিবেদক : পশ্চিমবঙ্গকে পুনরায় উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে হলে সর্বাগ্রে দুর্নীতিকে নির্মূল করতে হবে। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক উন্নয়ন এবং সর্বত্র পরিকাঠামোর প্রসার ঘটানো প্রয়োজন। কেন্দ্র ও রাজ্য সরকারকে একযোগে কাজ করে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজ্যের অগ্রগতি নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার সকালে এনজেপি স্টেশন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক তথা সদ্য শপথ নেওয়া রাজ্য প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।কলকাতায় শপথগ্রহণ অনুষ্ঠান শেষে ট্রেনে করে এদিন সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছন তিনি। স্টেশনে পৌঁছতেই বিজেপি কর্মী-সমর্থকরা তাঁকে ফুলের মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। সেই সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন নবনিযুক্ত প্রতিমন্ত্রী।
আনন্দময় বর্মন বলেন, “শিলিগুড়ি উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার। এই শহরের গুরুত্ব অপরিসীম। আগামী দিনে শিলিগুড়িকে জেলা হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। শিলিগুড়ির সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজকে সর্বাধিক গুরুত্ব দিয়েই আগামী দিনে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্র থেকে রেকর্ড ব্যবধানে জয়লাভ করেন আনন্দময় বর্মন। এরপর তাঁকে রাজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

