পুরীর ছোঁয়ায় সেজে উঠছে ইসকন শিলিগুড়ি, রথযাত্রায় নজর কাড়বে ঐতিহ্যবাহী আলপনা

নিজস্ব প্রতিবেদক : রথযাত্রার আগে পুরীর ঐতিহ্য এবার ধরা দেবে শিলিগুড়িতেও। ভগবান জগন্নাথের আগমনী উৎসবকে ঘিরে ইসকন শিলিগুড়িতে তৈরি হচ্ছে অনন্য আলপনা।
প্রতিটি রেখা ও নকশায় ফুটে উঠবে ভক্তি, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার অপূর্ব মেলবন্ধন।

রথযাত্রাকে সামনে রেখে পুরীর শতাব্দীপ্রাচীন ঐতিহ্যের অনুকরণে বিশেষ আলপনায় সেজে উঠছে ইসকন শিলিগুড়ি। ভগবান জগন্নাথের প্রতি ভক্তি, শ্রদ্ধা ও প্রীতি নিবেদনের প্রতীক হিসেবে মন্দির প্রাঙ্গণে তৈরি করা হচ্ছে এই ঐতিহ্যবাহী আলপনা, যা রথযাত্রার আবহকে আরও পবিত্র ও আধ্যাত্মিক করে তুলবে।

ইসকন শিলিগুড়ির জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানান, স্নানযাত্রার পর ভগবান জগন্নাথের অনাবসর লীলা সম্পন্ন হবে। এরপর তিনি নবযৌবন রূপ ধারণ করবেন। রথযাত্রার একদিন আগে মন্দিরের পাট খুলে ভক্তদের সেই নবযৌবন রূপ দর্শনের সুযোগ দেওয়া হবে।

তিনি আরও জানান, রথযাত্রার দিন মন্দির প্রাঙ্গণজুড়ে থাকবে বিশাল আকৃতির ঐতিহ্যবাহী আলপনা। সেই পবিত্র আলপনার ওপর দিয়েই পাহুন্দি বিজয় শোভাযাত্রার মাধ্যমে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে আরোহন করানো হবে। আলপনার প্রতিটি রেখা, নকশা ও অলংকরণে ফুটে উঠবে ভক্তির গভীর আবেগ এবং পুরীর চিরন্তন ঐতিহ্যের ছাপ।

ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ আলপনা শুধু শৈল্পিক সৌন্দর্যের নিদর্শন নয়, বরং রথযাত্রার পবিত্রতা, ভগবানের আগমনী উৎসব এবং ভক্তদের আধ্যাত্মিক অনুভূতিকে আরও গভীর করে তুলবে। পুরীর ঐতিহ্যকে শিলিগুড়ির বুকে তুলে ধরার এই উদ্যোগ ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উৎসাহ ও আগ্রহ বাড়িয়ে তুলেছে।