রথযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত নরোত্তম গৌড়ীয় মঠ, সকলকে শুভেচ্ছা ও আমন্ত্রণ মহারাজের

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক :
আর কয়েক দিনের অপেক্ষা। তারপরই ভক্তি, আনন্দ ও সম্প্রীতির আবহে মুখরিত হবে রথযাত্রা।
শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করেও ঐতিহ্য রক্ষায় প্রস্তুতিতে ব্যস্ত শিলিগুড়ির শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠের মঠাধ্যক্ষ ভক্তি নিলয় জনার্দন মহারাজ।
রথযাত্রা উপলক্ষে এবারও ইনডোর স্টেডিয়ামের পাশের মঠের সামনে বসবে ঐতিহ্যবাহী রথমেলা।
আগামী ১৬ জুলাই জগন্নাথদেবের পবিত্র রথযাত্রাকে সামনে রেখে জোরকদমে প্রস্তুতি চলছে শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠে। দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রেখে এবারের রথযাত্রাও সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ব্যস্ত মঠের মঠাধ্যক্ষ ভক্তি নিলয় জনার্দন মহারাজ এবং মঠের সেবকরা। শারীরিকভাবে অসুস্থ থাকলেও সমস্ত আয়োজনের খোঁজখবর নিচ্ছেন তিনি।

ভক্তি নিলয় জনার্দন মহারাজ বলেন,
“রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তি, ভালোবাসা, সমতা ও মানবকল্যাণের বার্তা বহন করে। এই দিনে ভগবান জগন্নাথ নিজেই ভক্তদের মাঝে আসেন। তাই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের উচিত ভক্তিভরে এই উৎসবে অংশ নেওয়া। সকলের জীবনে শান্তি, সুস্বাস্থ্য ও মঙ্গল নেমে আসুক—এই প্রার্থনাই করি।”

তিনি আরও জানান, রথযাত্রা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও মঠ প্রাঙ্গণ এবং শিলিগুড়ি ইনডোর স্টেডিয়ামের পাশের এলাকায় বসবে ঐতিহ্যবাহী রথমেলা। বহু ভক্ত ও দর্শনার্থীর সমাগমে উৎসবমুখর হয়ে ওঠে গোটা এলাকা।

মহারাজ সকলকে রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “আপনারা সকলে পরিবার-পরিজনকে নিয়ে শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠে আসুন। ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার আশীর্বাদ গ্রহণ করুন এবং এই পবিত্র উৎসবের আনন্দে সামিল হোন।”

উল্লেখ্য, হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রথযাত্রার দিন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মূল মন্দির থেকে গুণ্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। ভক্তদের কাছে এই উৎসব ভক্তি, সম্প্রীতি ও মানবতার এক অনন্য মিলনক্ষেত্র হিসেবে বিবেচিত হয়। শিলিগুড়ির নরোত্তম গৌড়ীয় মঠের রথযাত্রাও প্রতিবছর এই ঐতিহ্যকে সমান মর্যাদায় বহন করে চলেছে।