পয়লা বৈশাখে জনজোয়ারে ভাসলো শিলিগুড়ি— মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো ঘিরে উৎসবের আবহ

নিজস্ব প্রতিবেদন : পয়লা বৈশাখের দিন বুধবার শিলিগুড়ি শহর যেন রূপ নিল এক জনসমুদ্রে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শোকে ঘিরে শহরের নানা প্রান্তে নেমে আসে মানুষের ঢল। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেবের সমর্থনে আয়োজিত এই কর্মসূচি ঘিরে সকাল থেকেই ছিল ব্যাপক উন্মাদনা, যা দুপুরের পর আরও তীব্র আকার নেয়।

বিশেষ করে হিলকার্ট রোডসহ শহরের গুরুত্বপূর্ণ রাস্তা জনসমাগমে পরিপূর্ণ হয়ে ওঠে। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে সেজে ওঠে গোটা এলাকা, তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার আশায় রাস্তার দু’ধারে উপচে পড়া ভিড় নজর কাড়ে সকলের।

রোড শো চলাকালীন গাড়ি থেকে হাত নেড়ে সাধারণ মানুষকে অভিবাদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রার্থী গৌতম দেব, যিনি সমর্থকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে জনসংযোগ চালান।

পুরো কর্মসূচি জুড়ে ঢাকের তালে তালে স্লোগানে মুখর হয়ে ওঠে চারদিক, যা এক অন্যরকম উৎসবের আবহ তৈরি করে। নির্বাচনের প্রাক্কালে এই রোড শো রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।