নিজস্ব প্রতিবেদন :
জলপাইগুড়িতে এক চোরের অদ্ভুত কাণ্ড ঘিরে সোমবার সকালে রীতিমতো চাঞ্চল্য ছড়াল। সাধারণত বলা হয়, বিপদে পড়লেই বিড়াল গাছে ওঠে। কিন্তু সানুপাড়া এলাকায় দেখা গেল উল্টো ছবি—ধরা পড়ার ভয়ে এক যুবক চোরই আশ্রয় নিল গাছের মগডালে!

ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির সানুপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে এলাকার একটি বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢুকেছিল ওই যুবক। কিন্তু বাড়ির লোকজন তার উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।
শব্দ শুনে আশপাশের মানুষ ছুটে আসেন, আর তখনই প্রাণ বাঁচাতে দৌড় দেয় অভিযুক্ত।পাড়ার লোকজন ধাওয়া করে কিছুদূরেই তাকে ধরে ফেললেও ধস্তাধস্তির মাঝে আবারও তাদের হাত ফসকে যায় যুবকটি। সামনে আর কোনো পথ না দেখে শেষমেশ পাশের একটি উঁচু গাছে উঠে পড়ে সে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায়—চোর বসে আছে গাছের একেবারে ওপরের ডালে, আর নিচে দাঁড়িয়ে রয়েছে ক্ষুব্ধ জনতা!
বারবার তাকে নিচে নামতে বলা হলেও গণধোলাইয়ের আশঙ্কায় একেবারেই নড়তে চাইছিল না সে। ফলে ঘটনাস্থলে যেন এক অদ্ভুত নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। শেষমেশ স্থানীয়রা বাধ্য হয়ে খবর দেন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এবং দমকল বিভাগে।দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মই ও দড়ির সাহায্যে বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে অবশেষে ওই যুবককে গাছ থেকে নামাতে সক্ষম হন।
মাটিতে নামার সঙ্গে সঙ্গেই পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।
সকালের শান্ত পরিবেশে এমন অদ্ভুত ঘটনায় সানুপাড়া এলাকায় বেশ হৈচৈ পড়ে যায়। চোরের এই ‘গাছবাড়ি অভিযান’ দেখে অবাক স্থানীয় বাসিন্দারাও।

