নিজস্ব প্রতিবেদন : গণতন্ত্রের উৎসবকে আরও সহজ ও স্বচ্ছ করে তুলতে প্রযুক্তির ব্যবহারে বড়সড় পদক্ষেপ করল ভারতীয় নির্বাচন কমিশন (ECI)। ভোটারদের সুবিধার্থে তারা চালু করেছে এক বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম— ‘ECINET’ বা ইসিনেট । কমিশন সূত্রে খবর, এই একটি মাত্র প্ল্যাটফর্মের মাধ্যমেই ভোটার এবং নির্বাচনের সাথে যুক্ত ব্যক্তিবর্গ ৪০টিরও বেশি নির্বাচন সংক্রান্ত পরিষেবা পাবেন।

কী কী থাকছে এই প্ল্যাটফর্মে?
ভোটারদের দীর্ঘ প্রতীক্ষা ও বিভিন্ন অ্যাপ ব্যবহারের ঝক্কি কমাতে কমিশন এই একক উইন্ডো সিস্টেমটি নিয়ে এসেছে। ইসিনেট বা ECINET-এর মাধ্যমে যে সুবিধাগুলি পাওয়া যাবে:
ভোটার রেজিস্ট্রেশন: সহজেই নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করা যাবে।বিএলও-র সাথে যোগাযোগ: প্রয়োজনে সরাসরি বিএলও (BLO)-র সাথে কথা বলার জন্য কল বুক করা যাবে।আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: নির্বাচনী বিধি বা MCC লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলে এই প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত রিপোর্ট করা যাবে।
প্রার্থীদের জন্য সুবিধা: প্রার্থীদের জন্য থাকছে ‘সুবিধা’ পোর্টাল, যা মনোনয়ন থেকে অন্যান্য কাজে সাহায্য করবে।
ভোটের তথ্য: রিয়েল-টাইম ভোটার টার্ন-আউট বা কত শতাংশ ভোট পড়ল, তার নিখুঁত তথ্য মিলবে এখানে।
ভাষার প্রতিবন্ধকতা দূর
দেশের বৈচিত্র্যের কথা মাথায় রেখে ECINET প্ল্যাটফর্মটি ইংরেজি ছাড়াও ভারতের ২২টি তপশিলি ভাষায় পাওয়া যাচ্ছে। এর ফলে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ ভোটাররাও নিজেদের মাতৃভাষায় যাবতীয় তথ্য ও পরিষেবা সহজে ব্যবহার করতে পারবেন।
স্বচ্ছতা ও ক্ষমতায়ন
নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া সূত্রে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং সাধারণ ভোটারদের আরও শক্তিশালী করা। ৪০টিরও বেশি পোর্টাল ও অ্যাপকে একটি ছাতার তলায় নিয়ে আসার ফলে সময় বাঁচবে এবং তথ্যের বিভ্রান্তি কমবে।
নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার এই যুগান্তকারী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে ওয়াকিবহাল মহল। ডিজিটাল ইন্ডিয়ার পথে এটি নির্বাচন প্রক্রিয়ার এক অন্যতম মাইলফলক হতে চলেছে।
কৃতজ্ঞতা স্বীকার: এই প্রতিবেদনটির যাবতীয় তথ্য ভারতীয় নির্বাচন কমিশন (ECI)-এর সৌজন্যে প্রাপ্ত।

