নিজস্ব প্রতিবেদক :শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি পদ থেকে সরে দাঁড়ালেন অরুণ ঘোষ।শুক্রবার জেলাশাসকের কাছে পাঠানো হয়েছে তাঁর পদত্যাগপত্র।
কাজের পরিবেশে স্বাচ্ছন্দ্য না পাওয়ার কথা উল্লেখ করেছেন তিনি।সাম্প্রতিক বিতর্কের আবহেই এই সিদ্ধান্তকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ শুক্রবার তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি সরাসরি জেলাশাসকের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অরুণ ঘোষ জানান, কাজ করার ক্ষেত্রে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই বিষয়ে কারও বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ বা ক্ষোভ নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।
উল্লেখ্য, প্রায় এক মাস আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের পর মহকুমা পরিষদের সভাধিপতির দপ্তর নতুনভাবে সাজানোকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিরোধী শিবিরের পক্ষ থেকে একাধিক প্রশ্ন তোলা হয়েছিল। পরবর্তীতে রাজ্যের মন্ত্রী আনন্দময় বর্মন মহকুমা পরিষদের কার্যালয় পরিদর্শনে গিয়ে সভাধিপতির দপ্তরের সাজসজ্জা দেখে বিস্ময় প্রকাশ করেন এবং গোটা ঘটনার তদন্তের আশ্বাস দেন।
এরপর থেকেই অরুণ ঘোষকে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। অবশেষে শুক্রবার তিনি নিজের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ফলে শিলিগুড়ির রাজনৈতিক মহলে এই পদত্যাগকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

