নিজস্ব প্রতিবেদক: মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এর ব্লাড ব্যাংকে। রক্তের তীব্র সংকটের মধ্যেও এক ক্যান্সার আক্রান্ত রোগীর জীবন বাঁচাতে এগিয়ে এলেন দুই স্বেচ্ছা রক্তদাতা।

দূর্গানগরের শুভম সাহা এবং নৈহাটীর তথাগত ঘোষ—ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই ছুটে আসেন হাসপাতালে। তাঁদের শরীর থেকে আধুনিক যন্ত্রের সাহায্যে সরাসরি প্লেটলেট সংগ্রহ করা হচ্ছে, যা ক্যান্সার রোগীদের চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উত্তরবঙ্গের বাসিন্দা ঝন্টু দাস বর্তমানে এনআরএস হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর বোনমেরু প্রতিস্থাপন (বোন ম্যারো ট্রান্সপ্লান্ট) হওয়ার কথা, আর সেই জটিল চিকিৎসার আগে প্লেটলেটের প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি। এই পরিস্থিতিতে রক্তদাতাদের এই উদ্যোগ নিঃসন্দেহে আশার আলো দেখাচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, পুলিশের কর্মব্যস্ততার মাঝেও দায়িত্ব পালন করতে গিয়ে মানবিকতার নজির গড়লেন পুলিশকর্মী বাপন দাস। ডিউটির ফাঁকে তিনি নিজেই দুই জন রক্তদাতাকে নিয়ে হাসপাতালে উপস্থিত হন, যাতে রোগীর চিকিৎসায় কোনও বাধা না আসে।
রক্তের সংকটের সময়ে এই ধরনের উদ্যোগ শুধুমাত্র একজন রোগীর জীবন বাঁচায় না, সমাজে মানবিকতার এক গভীর বার্তাও ছড়িয়ে দেয়।

