নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণে শিলিগুড়িতে বিদেশি প্রতিনিধিদল, কলেজে পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক নজরদারির অংশ হিসেবে শহরে পৌঁছেছে এক বিদেশি প্রতিনিধিদল। ইন্টারন্যাশনাল ইলেকশন ভিজিটর্স প্রোগ্রাম ২০২৬-এর আওতায় অংশ নেওয়া এই প্রতিনিধিরা বুধবার শিলিগুড়ি কলেজে অবস্থিত ডিস্ট্রিবিউশন ও রিসেপশন সেন্টার বা ডিসি-আরসি পরিদর্শন করেন।

ভোটের আগের দিন এই কেন্দ্র থেকেই ইভিএম, ভিভিপ্যাট এবং অন্যান্য নির্বাচনী সরঞ্জাম নিয়ে কীভাবে ভোটকর্মীরা বিভিন্ন বুথের উদ্দেশ্যে রওনা দেন, সেই গোটা প্রক্রিয়াটি তারা সরাসরি পর্যবেক্ষণ করেন। নির্বাচনের প্রস্তুতি এবং ব্যবস্থাপনা কতটা সুসংগঠিত, তা খতিয়ে দেখাই ছিল তাঁদের এই সফরের অন্যতম উদ্দেশ্য।

পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে দুই দিনের সফরে দার্জিলিং জেলায় এসেছেন এই প্রতিনিধিরা।২৩ এপ্রিল ভোটগ্রহণের দিন বিভিন্ন ভোটকেন্দ্রেও তাঁরা পরিদর্শনে যাবেন বলে জানা গিয়েছে।

এই প্রতিনিধিদলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন নামিবিয়া, জর্জিয়া, নেপাল, ফিলিপাইনস, গাম্বিয়া, সুইজারল্যান্ড ও কেনিয়া-সহ একাধিক দেশের প্রতিনিধি। এছাড়াও তাঁদের নিজ নিজ বিদেশি মিশনের সদস্য এবং সংশ্লিষ্ট ইন্টারন্যাশনাল একজন প্রতিনিধি এই পরিদর্শনে অংশ নেন।

সার্বিকভাবে, আন্তর্জাতিক মহলের এই আগ্রহ রাজ্যের নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতাকেই আরও একবার তুলে ধরল বলে মনে করছেন পর্যবেক্ষকরা।