নিজস্ব প্রতিবেদক : খেলাধূলার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়ানো এবং বিশেষ করে ফুটবলের প্রতি আকর্ষণ তৈরি করার লক্ষ্যেই শুক্রবার থেকে শিলিগুড়ির শক্তিগড় উজ্জ্বল সংঘ মাঠ তথা শক্তিগড় স্কুল মাঠে শুরু হয়েছে “উত্তরবঙ্গ কাপ” ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতাকে ঘিরে প্রথম দিন থেকেই ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে।

শুক্রবার মেয়েদের ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে এই টুর্নামেন্টের সূচনা হয়। আগামী শনিবার অনুষ্ঠিত হবে ভেটারেন্স পুরুষদের ফুটবল প্রতিযোগিতা। এরপর ২৪ মে একই মঞ্চে মেয়েদের ও ভেটারেন্স বিভাগের ফাইনাল ম্যাচ আয়োজিত হবে। ওই দিনই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংস্থা “সিলিগুড়ি এন্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি”। সংস্থার কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াবিদ নবকুমার বসাক জানান, বর্তমান প্রজন্মকে মাঠমুখী করতেই তাঁদের এই উদ্যোগ। বিশেষ করে ফুটবলের প্রতি নতুনদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের সামনে তুলে ধরাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, প্রতি বছর এই ধরনের আয়োজনের মাধ্যমে বহু সম্ভাবনাময় ফুটবলার উঠে আসছে। শুধু শিলিগুড়ি নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও প্রান্ত থেকেও খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।
প্রতিযোগিতার উদ্বোধনী দিন থেকেই শক্তিগড় উজ্জ্বল সংঘ মাঠ চত্বরে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। খেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে।

