মাছ বাজারে ঘোরাঘুরি, উদ্ধার অসহায় মহিলা; পরিবারের খোঁজে উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন : সোমবার গভীর রাতে শিলিগুড়ির হায়দরপাড়া মাছ বাজার এলাকায় এক মহিলাকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে নিরাপদে উদ্ধার করে।বর্তমানে তাঁর পরিবারের সন্ধানে তৎপর হয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

জানা গেছে, সোমবার রাতে হায়দরপাড়া মাছ বাজারের সামনে এক মহিলাকে দীর্ঘ সময় ধরে ঘোরাঘুরি করতে দেখা যায়। বিষয়টি প্রথম নজরে আসে এলাকার বিজেপি নেতা নরেন ঘোষের। পরিস্থিতি দেখে তিনি অবিলম্বে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। পরে পুলিশ যোগাযোগ করে ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার পূজা মোক্তারের সঙ্গে। বর্তমানে সংস্থার পক্ষ থেকে মহিলার পরিচয় ও পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার কাজ চলছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই মহিলা অসমের বঙ্গাইগাঁও এলাকার বাসিন্দা। কর্মসূত্রে তিনি শিলিগুড়িতে এসেছিলেন। তবে কীভাবে তিনি পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন বা নিখোঁজ হন, তা এখনও স্পষ্ট নয়।

মহিলার আত্মীয়-পরিজনের সন্ধান পেতে পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থা যৌথভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাঁর সম্পর্কে কোনও তথ্য জানা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।