দাবদাহ ও নির্ঘুম পরিশ্রমের মাঝে ভোটকর্মীদের অনবদ্য ভূমিক

নিজস্ব প্রতিবেদক : ভ্যাপসা গরম, দীর্ঘ দায়িত্ব এবং নিরবচ্ছিন্ন কাজের চাপ—সবকিছুকে উপেক্ষা করেই ভোটগ্রহণ পর্ব সফলভাবে সম্পন্ন করলেন ভোটকর্মীরা। দিনের শেষে ঘামে ভেজা শরীর নিয়ে ভোট গ্রহণ কেন্দ্র থেকে ডিসি-আরসি কেন্দ্রে ফিরতে দেখা যায় তাঁদের। মালদার চাঁচলের সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনে কড়া নিরাপত্তার মধ্যে একে একে পৌঁছন তাঁরা।

শুক্রবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন বুথে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রচণ্ড দাবদাহের মধ্যেও দায়িত্ব পালনে কোনওরকম শৈথিল্য দেখাননি ভোটকর্মীরা। নিরাপত্তা ব্যবস্থাও ছিল সুসংহত, যার ফলে কোথাও বড় ধরনের অভিযোগ সামনে আসেনি।

দীর্ঘ সময়ের পরিশ্রমে ক্লান্তি থাকলেও দায়িত্ব সফলভাবে শেষ করার স্বস্তি ছিল তাঁদের মুখে। কেউ হাসিমুখে, কেউ বা ক্লান্ত শরীর নিয়ে ডিসি-আরসি কেন্দ্রে ফিরেছেন। দিনভর কঠোর দায়িত্ব পালনের শেষে যেন মিলেছে একরাশ স্বস্তি।

অন্যদিকে শিলিগুড়িতেও একই ছবি ধরা পড়ে। বহু ভোটকর্মী গভীর রাতে কলেজ মাঠে পৌঁছে ইভিএম সহ অন্যান্য সামগ্রী জমা দেন। ২২শে এপ্রিল সারাদিন ও রাতভর প্রস্তুতি, আর ২৩শে এপ্রিল সারাদিন ভোটগ্রহণ—এই দীর্ঘ সময়ের মধ্যে অনেকেই বিশ্রামের সুযোগ পাননি। এমনকি অতিরিক্ত চাপের কারণে অনেক কর্মী দিনের বেশিরভাগ সময় না খেয়েই দায়িত্ব পালন করেছেন। কেউ কেউ সকালবেলা সামান্য জলখাবার খেয়ে কাজ শুরু করে রাত পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণের দায়িত্ব সামলেছেন।

প্রথম দফায় প্রায় ৯২ শতাংশ ভোটদান এবং শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে এখন সর্বত্র আলোচনা চলছে। তবে এই সাফল্যের নেপথ্যে যে ভোটকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠা রয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তাঁদের এই নিরলস ভূমিকা গণতন্ত্রের ভিত্তিকে আরও মজবুত করেছে।