নিজস্ব প্রতিবেদক : টানা বৃষ্টিতে বাড়ছে নদীর জল, উদ্বেগ বাড়ছে উত্তরবঙ্গে। তিস্তা ও জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।নদী সংলগ্ন নিচু ও অসংরক্ষিত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির প্রভাবে জলপাইগুড়ি ও ডুয়ার্স জুড়ে নদীগুলির জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতির উপর নজর রেখে বৃহস্পতিবার তিস্তা ও জলঢাকা নদীর বিভিন্ন অংশে হলুদ সতর্কতা জারি করেছে সেচ দপ্তর।
জানা গেছে, তিস্তা নদীর মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে জাতীয় সড়ক সংলগ্ন জলঢাকা নদীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতেও হলুদ সংকেত জারি করা হয়েছে, যাতে নদীপাড়ের বাসিন্দারা আগাম সতর্ক থাকতে পারেন।
বৃহস্পতিবার সকালে আকাশ কিছুটা পরিষ্কার থাকায় জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম ছিল। তবে এদিন সকাল থেকেই গাজলডোবা এবং কালীঝোরা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। এর ফলে তিস্তা নদীর জলস্তর আরও বাড়তে শুরু করেছে বলে জলপাইগুড়ি সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে।
প্রশাসনের পক্ষ থেকে নদী সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষদের অপ্রয়োজনীয়ভাবে নদীর ধারে না যাওয়া এবং পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

