স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতায় বালুরঘাটে সাইক্লোথন, অংশ নিলেন ৮০জন সাইকেলপ্রেমী

নিজস্ব প্রতিবেদক : সুস্থ জীবনযাপন, পরিবেশবান্ধব যাতায়াত এবং নিয়মিত শরীরচর্চার বার্তা ছড়িয়ে দিতে বালুরঘাটে অনুষ্ঠিত হল এক বিশেষ সাইক্লোথন কর্মসূচি। শনিবার সকালে বালুরঘাট সাইকেল কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাইকেলপ্রেমীরা অংশগ্রহণ করেন।

এই রাজ্যব্যাপী সাইক্লোথনের অন্যতম যৌথ আয়োজক ও পৃষ্ঠপোষক ছিল পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব, স্টার্ট আপ ফাউন্ডেশন, ফিট ইন্ডিয়া এবং ভারত সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক। নির্ধারিত সময়ে বালুরঘাট থানা মোড় থেকে সাইকেল র‍্যালির সূচনা হয়। পূর্বে নাম নথিভুক্ত করা অংশগ্রহণকারীরা নিজেদের সাইকেল নিয়ে এই সচেতনতামূলক অভিযানে সামিল হন।

প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই র‍্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে। থানা মোড় থেকে শুরু হয়ে আন্দোলন সেতু, ডানলপ মোড়, সাড়ে তিন নম্বর মোড়, বিশ্বাসপাড়া, বাসস্ট্যান্ড, হিলি মোড়, পাওয়ার হাউস, পুলিশ লাইন, ট্যাংক মোড়, মিলন সংঘ, ত্রিধারা ক্লাব এবং পুরনো স্টেট ব্যাংক মোড় ঘুরে পুনরায় থানা মোড়ে এসে শেষ হয় যাত্রাপথ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের সাইক্লোথনে মোট ৮০ জন সাইকেল আরোহী অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে। তাঁদের উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণ কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে।

বালুরঘাট সাইকেল কমিউনিটির সদস্য তুহিনশুভ্র মণ্ডল বলেন, “সাইকেল কেবলমাত্র একটি যানবাহন নয়, এটি সুস্থ জীবনধারা ও সচেতনতার প্রতীক। বর্তমান সময়ে পরিবেশ দূষণ এবং বিভিন্ন শারীরিক সমস্যার মোকাবিলায় সাইক্লিং অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে। নতুন প্রজন্মকে সাইকেল চালানোর প্রতি আগ্রহী করে তুলতেই আমাদের এই উদ্যোগ।”

স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ সংরক্ষণ এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির বার্তা নিয়ে আয়োজিত এই সাইক্লোথন সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট সাড়া ফেলেছে। আয়োজকদের আশা, আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে এমন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে।