নিজস্ব প্রতিবেদন :
ডুয়ার্স জুড়ে ক্রমবর্ধমান নেশার সমস্যার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩ এপ্রিল ২০২৬, শুক্রবার সারা ডুয়ার্স অঞ্চলে পালিত হবে “নেশামুক্ত ডুয়ার্স দিবস”। এই কর্মসূচির ডাক দিয়েছে ডুয়ার্স ডে সেলিব্রেশন সোসাইটি ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভৌগোলিক ও সামাজিক নানা কারণে ডুয়ার্স অঞ্চল এখনও শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে। এরই মধ্যে যুবসমাজের একাংশের মধ্যে নেশা ও মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে, যা ব্যক্তি, পরিবার এবং সামগ্রিক সমাজের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।
এই পরিস্থিতির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতেই এলেনবাড়ি থেকে কুমারগ্রাম পর্যন্ত—অর্থাৎ ডুয়ার্স–এর বিস্তীর্ণ এলাকা জুড়ে এই বিশেষ কর্মসূচি পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিস্তা নদী থেকে সঙ্কোশ নদী পর্যন্ত বিস্তৃত ডুয়ার্স অঞ্চলে বিভিন্ন সংগঠন, ক্লাব এবং সামাজিক প্রতিষ্ঠানকে এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ প্রসঙ্গে উল্লেখ্য, কর্মসূচির দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে গুড ফ্রাইডে-র জাতীয় ছুটির দিনটিকে, যাতে আরও বেশি মানুষ এই সচেতনতা কর্মসূচিতে অংশ নিতে পারেন।
আয়োজকদের পক্ষ থেকে ডুয়ার্সের বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান এবং সমাজ উন্নয়নের সঙ্গে যুক্ত সংগঠনগুলিকে অনুরোধ জানানো হয়েছে, যাতে তারা নিজ নিজ এলাকায় নিজেদের ব্যানারে নেশামুক্তির বার্তা ছড়িয়ে দেন।
উদ্যোক্তাদের মতে, সমাজকে সুস্থ রাখতে হলে নেশার বিরুদ্ধে সম্মিলিত লড়াই প্রয়োজন। তাই সকলকে একসঙ্গে এগিয়ে এসে একটি সুস্থ, সচেতন এবং নেশামুক্ত ডুয়ার্স গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।এই উদ্যোগে যুক্ত হতে বা বিস্তারিত জানতে আগ্রহীরা আয়োজকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন —
মোবাইল: 9609333609 / 9733096359।
ডুয়ার্সের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই নানা মহলে ইতিবাচক সাড়া মিলতে শুরু করেছে। অনেকের আশা, সমাজের সকল স্তরের মানুষ এগিয়ে এলে নেশামুক্ত ডুয়ার্স গড়ার স্বপ্ন বাস্তব রূপ পাবে।

