উত্তরবঙ্গে বজ্রঝড়ের দাপট, শিলিগুড়ি-পাহাড়ে গাছ উপড়ে যান চলাচলে সমস্যা

নিজস্ব প্রতিবেদন : সোমবার রাতে শিলিগুড়ি ও জলপাইগুড়ি এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হয়েছে এবং কিছু জায়গায় জল জমার খবর এসেছে।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘন্টায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি কয়েক জায়গায় হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের জেরে কিছু স্থানে গাছ উপড়ে পড়েছে, বিশেষ করে সেভক রোড ও আশপাশের এলাকায় গাছ পড়ে যাওয়াতে যান চলাচলে সাময়িক সমস্যা হয়েছে।দার্জিলিং, কালিম্পং ও কার্সিয়ং এলাকায়ও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে।

কিছু এলাকায় বড় বড় গাছ উপড়ে পড়ে রাস্তা আটকে যায়, এমনকি গাছ পড়ে কয়েকটি গাড়ির ক্ষতির খবরও এসেছে।
পাহাড়ি এলাকায় বজ্রঝড়ের সতর্কতা জারি ছিল এবং স্থানীয় প্রশাসন আগাম সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
অপরদিকে রবিবার সিকিমের বিভিন্ন জায়গায় প্রবল ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে।

ঝড়ে উপড়ে পড়া গাছের কারণে এক মহিলার মৃত্যু এবং তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গ্যাংটকসহ অনেক জায়গায় রাস্তার ওপর গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হয়।
আবহাওয়ারএই পরিস্থিতির প্রধান কারণ পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরের আর্দ্রতা।এর ফলে উত্তরবঙ্গ ও সিকিমে বজ্রঝড়-সহ বৃষ্টি ১৭ মার্চ পর্যন্ত চলতে পারে বলে সতর্কতা রয়েছে।