নিজস্ব প্রতিবেদন : উত্তর দিনাজপুর জেলার চোপড়া সংলগ্ন সোনাপুরের বাসিন্দা বাবলু বিশ্বাস একজন দৃষ্টিহীন অথচ অসাধারণ প্রতিভার অধিকারী সঙ্গীতশিল্পী। দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের সঙ্গে লড়াই করে চলেছেন তিনি। কিছুদিন আগে ‘খবরের ঘন্টা’র মাধ্যমে তিনি সকলের কাছে একটি বিশেষ অনুরোধ জানান—তাঁর প্রয়োজন একটি আধুনিক গগলস-ধরনের স্মার্ট চশমা, যার মূল্য প্রায় ২০ হাজার টাকা।

এই প্রযুক্তিনির্ভর চশমাটি মোবাইল অ্যাপের সাহায্যে তাঁকে চারপাশ সম্পর্কে ধারণা পেতে এবং দৈনন্দিন নানা কাজে সহায়তা করতে সক্ষম।এই আবেদন নজরে আসতেই মানবিক উদ্যোগ নেন শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের সুপার সন্তোষ সরকার। নিজের কন্যার বিবাহের আনন্দঘন মুহূর্তকে আরও অর্থবহ করে তুলতে তিনি বাবলু বিশ্বাসের জন্য সেই অত্যাধুনিক চশমাটি কিনে দেওয়ার ব্যবস্থা করেন।
চশমাটি ব্যবহার করে বাবলু বিশ্বাস যেন নতুন করে “চোখের আলো” ফিরে পান এবং গভীর কৃতজ্ঞতায় তিনি সুপারকে ধন্যবাদ জানান।তবে সময়ের পরিক্রমায় আবারও সমস্যার মুখে পড়েছেন এই শিল্পী। বর্তমানে তাঁর সেই চশমাটি কার্যকর থাকলেও প্রয়োজনীয় মোবাইল অ্যাপটি ঠিকমতো কাজ করছে না। কারণ, তাঁর ব্যবহৃত স্মার্টফোনটি অত্যন্ত পুরনো এবং অকার্যকর হয়ে পড়েছে। ফলে চশমাটির পূর্ণ সুবিধা তিনি আর পাচ্ছেন না।
বাবলু বিশ্বাসের কথায়, “আমার মোবাইল ফোনটি অনেক পুরনো, তাই অ্যাপটি সঠিকভাবে চলছে না। যদি কেউ মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে একটি নতুন স্মার্টফোন দিতে এগিয়ে আসেন, তাহলে আবারও আমি আলোর জগতে ফিরতে পারবো।”
এই অবস্থায় সমাজের সহৃদয় মানুষের কাছে তিনি আবারও সাহায্যের আবেদন জানিয়েছেন। যোগাযোগের জন্য তাঁর নম্বর: ৯৬৭৯০৬৯৫১৫।

