নিজস্ব প্রতিবেদন : ২৩ এপ্রিল উত্তরবঙ্গের সব জেলাজুড়ে ভোটগ্রহণকে সামনে রেখে কর্মব্যস্ত শহর শিলিগুড়ি থেকে শুরু হয়েছে ঘরে ফেরার স্রোত। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কাজের খোঁজে আসা হাজারো মানুষ এই শহরকেই জীবিকার অন্যতম ভরসা হিসেবে বেছে নিয়েছেন। তাই ভোটের দিন এগিয়ে আসতেই তাঁদের অনেকেই নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।

মঙ্গলবার নির্বাচনী প্রচার শেষ হতেই এই প্রবণতা আরও স্পষ্ট হয়ে ওঠে। এদিন শিলিগুড়ি থেকে বহু মানুষ বাসে চড়ে, এমনকি কেউ কেউ বাসের ছাদে চড়েও নিজের জেলার উদ্দেশ্যে রওনা দেন। রিকশা চালক, টোটো চালক থেকে শুরু করে দিনমজুর—বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষদের এদিন ভোট দিতে বাড়ির পথে যাত্রা করতে দেখা যায়।
জানা গেছে, ভোটদান সেরে তাঁরা ফের দ্রুত শিলিগুড়িতে ফিরে আসবেন, কারণ এখানেই তাঁদের দৈনন্দিন রোজগারের কেন্দ্র। এরই প্রভাব পড়েছে শহরের পরিবহণ ব্যবস্থায়ও। মঙ্গলবার বিকেল থেকেই রিকশা ও টোটো চালকের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কমে গেছে।
এদিকে, শহর থেকে গ্রাম—সর্বত্রই ছড়িয়ে পড়েছে একটি সাধারণ বার্তা: ভোট হোক নির্ভয়ে, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে। নির্বাচনকে ঘিরে এই প্রত্যাশাই এখন উত্তরবঙ্গের সর্বস্তরের মানুষের মনে প্রতিফলিত হচ্ছে।

